উপাচার্য হতে দলীয় পদ লাগে, নাকি যোগ্যতা?

একজন উপাচার্যের রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এই উপমহাদেশের রাজনীতিতে সে বিতর্ক এড়ানো প্রায় অসম্ভব। কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান বেছে নেওয়ার সময় সবচেয়ে জরুরি প্রশ্ন হওয়া উচিত দুটি: তাঁর একাডেমিক উৎকর্ষ কতটা, আর প্রশাসন চালানোর অভিজ্ঞতা কতখানি। আমরা সেই প্রশ্নে না গিয়ে মেতে উঠেছি ট্যাগের রাজনীতিতে।
গত ১৪ মে একদিনে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয় সরকার। পরদিন বিবৃতি দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, এসব নিয়োগে যোগ্যতা নয়, প্রাধান্য পেয়েছে দলীয় আনুগত্য।
এর মাস দুয়েক আগে, ১৬ মার্চ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। জামায়াত কেন্দ্রীয়ভাবে এই নিয়োগ মেনে নেয়নি, প্রতিবাদ জানিয়েছে। তাঁর গায়ে কার্যত সেঁটে দেওয়া হয়েছে ‘বিএনপির দলীয় ভিসি’ তকমা।
উল্টো দিক থেকেও এসেছে আরেক তকমা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্রদল নেতা বলছেন, “বর্তমান উপাচার্য প্রফেসর ড. আল-ফোরকান কখনো বিএনপি করেননি, ছাত্রদলও করেননি।”
ওই ছাত্রদল নেতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই প্রশ্ন করি, উপাচার্য হতে হলে কি একজন শিক্ষককে ছাত্রদল বা দলের কোনো পদ ধরে রাখতেই হবে? এটা কি আদৌ জরুরি? তিনি কি অন্য কোনো দল করেছেন বা করছেন, যে কারণে বিএনপি সরকারের আমলে তাঁকে এই পদে বসানো যাবে না?
প্রশ্নটা জরুরি, কারণ দুই পক্ষই একই ভুল করছে। এক পক্ষ বলছে, তিনি বিএনপির লোক, তাই অযোগ্য। আরেক পক্ষ বোঝাতে চাইছে, তিনি দল করেননি, তাই এই পদ তাঁর প্রাপ্য নয়। দুটি যুক্তিই ভুল। রাজনীতি করলেই কেউ অযোগ্য হয়ে যান না, রাজনীতি না করলেও না। যোগ্যতা দেখুন, মনগড়া তকমা দেবেন না।
ছাত্রজীবন থেকে শুরু করে প্রায় ১৮ বছর ধরে আমি বিশ্ববিদ্যালয় অঙ্গনে আছি। প্রথমে সাংবাদিকতা, পরে চাকরি। এই পুরো সময় প্রফেসর আল-ফোরকানকে আমি জাতীয়তাবাদী আদর্শের একজন মানুষ হিসেবেই জেনেছি। সারা দেশের জাতীয়তাবাদী ঘরানার শিক্ষকদের সিভি যদি এক টেবিলে রাখা হয়, একাডেমিক উৎকর্ষে তাঁরটি থাকবে একেবারে প্রথম সারিতে।
এটা আমার বানানো কথা নয়, তাঁর সিভিই কথা বলে। ৩১ বছরের শিক্ষকতা জীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পিএইচডি করেছেন যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে। পোস্টডক্টরাল গবেষণা করেছেন কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা ও অ্যাগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলে। ভিজিটিং প্রফেসর ও গবেষক ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিসে। পিএইচডি ও পোস্টডক্টরাল দুটির জন্যই পেয়েছেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মর্যাদাপূর্ণ বৃত্তি।
তাঁর হাত ধরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে ফাংশনাল জেনোমিক্স অ্যান্ড প্রোটিওমিক্স ল্যাবরেটরি (এফজিপিএল) আর স্বয়ংক্রিয় জলবায়ু নিয়ন্ত্রিত আধুনিক গ্রিনহাউস। করোনা মহামারির দিনগুলোতে মানুষ যখন ঘরবন্দী, তখন জীবনের ঝুঁকি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ শনাক্তকরণ কার্যক্রমের সমন্বয় করেছেন এই মানুষটি। বিএনপি ঘরানার শিক্ষাবিদ ও গবেষকদের মধ্যে এমন মানুষ দেশে হাতে গোনা।
আমার ধারণা, তাঁর যোগ্যতার খোঁজ না নিয়ে কেবল রাজনৈতিক বিরোধিতা থেকেই জামায়াত এই বিবৃতি দিয়েছে। আবার ব্যক্তিগত কোনো কারণে কেউ কেউ হয়তো তাঁর ওপর মনঃক্ষুণ্ন। তাই নিয়োগের আট মাসের মাথায় এসে তাঁরা উপাচার্য হওয়ার মানদণ্ড বানাতে চাইছেন সরাসরি দলীয় রাজনীতিকে।
আমার কথা পরিষ্কার: ঢালাওভাবে কাউকে রাজনৈতিক বা অরাজনৈতিক তকমা দিয়ে অযোগ্য ঘোষণা করা ফ্যাসিবাদী চরিত্রেরই লক্ষণ।
এই তকমার রাজনীতির ক্ষত আমি নিজের শরীরে বয়ে বেড়াই। আওয়ামী লীগের আমলে একটি অপশক্তি যাকে-তাকে ‘শিবির’ তকমা দিয়ে নির্যাতন করত। আমিও রেহাই পাইনি। শিবির তকমা দিয়ে ক্যাম্পাসে আমার ওপর হামলার চেষ্টা হয়েছে। ছাত্রলীগ নামধারী অনুপ্রবেশকারীদের লুটপাট নিয়ে খবর লেখায় দৈনিক সমকাল থেকে আমাকে সরে যেতে বাধ্য করা হয়েছিল, সেই একই তকমায়। চাকরিজীবনে তৎকালীন উপাচার্য শিরীণ আখতার আমাকে মাসের পর মাস কক্সবাজারে বদলি করে রেখেছিলেন। কারণ? সেই শিবির তকমা।
সময় বদলেছে, খেলা বদলায়নি। এখন যাকে-তাকে বলা হচ্ছে ‘ফ্যাসিবাদী’, ‘আওয়ামী দোসর’। আবার রাজনৈতিক বা ব্যক্তিস্বার্থে বিএনপিপন্থী শিক্ষকের গায়েও লাগানো হচ্ছে ‘অরাজনৈতিক’ কিংবা অন্য কোনো তকমা।
এই তকমার খেলা এবার বন্ধ হোক।
বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী নিজের পছন্দের রাজনৈতিক আদর্শের পক্ষে প্রকাশ্যে কাজ করতেই পারেন। আইনে তাতে বাধা নেই, এটি তাঁর সাংবিধানিক অধিকার। রাজনীতি করা বা না করা, কোনোটিই কাউকে কোনো পদের অযোগ্য করে না।
তাহলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে প্রফেসর আল-ফোরকানের মতো মানুষেরা কেন গ্রহণযোগ্য? কারণ বিশ্ববিদ্যালয় কোনো দলীয় কার্যালয় নয়, এটি জ্ঞান তৈরির কারখানা। সেই কারখানার প্রধান যদি গবেষণা না বোঝেন, ল্যাব না চেনেন, আন্তর্জাতিক একাডেমিক যোগাযোগ না থাকে, তবে বিশ্ববিদ্যালয়কে তিনি এগিয়ে নেবেন কীভাবে?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখন দরকার একজন গবেষক-প্রশাসক। যিনি নিজে বিভাগ গড়েছেন, ল্যাব বানিয়েছেন, আন্তর্জাতিক তহবিল এনেছেন, মহামারির সময় মাঠে নেমে কাজ করেছেন, তিনিই জানেন শিক্ষকেরা কী চান, শিক্ষার্থীদের কী দরকার, গবেষণার জন্য কোন অবকাঠামো লাগে।
দলীয় পদধারী একজন প্রশাসক হয়তো মিছিল সামলাতে পারবেন। কিন্তু কিউএস র্যাংকিং, গবেষণা প্রকাশনা, পিএইচডি প্রোগ্রাম, আন্তর্জাতিক সহযোগিতা, ল্যাবের আধুনিকায়ন, এসব তিনি কতটা বুঝবেন? অথচ বিশ্বের কাছে একটি বিশ্ববিদ্যালয়ের পরিচয় তৈরি হয় এগুলো দিয়েই, দলীয় স্লোগান দিয়ে নয়।
প্রফেসর আল-ফোরকানের মতো কেউ যখন উপাচার্যের চেয়ারে বসেন, তরুণ গবেষকেরা ভরসা পান। শিক্ষার্থীরা স্বপ্ন দেখেন, গবেষণা করেও দেশে থাকা যায়, বিদেশে পড়ে দেশে ফিরে বিভাগ গড়া যায়। উচ্চশিক্ষার আসল উদ্দেশ্য তো এটাই।
তাই উপাচার্য নিয়োগ নিয়ে বিতর্ক হোক, তবে তা হোক যোগ্যতার মাপকাঠিতে। তকমার দাঁড়িপাল্লায় নয়।
লেখক: সেকশন অফিসার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; সাবেক সহসভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।





আপনার মতামত লিখুন