খুঁজুন
, ,
শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬
রাজনীতি

বাঁশখালীতে বিএনপির বিক্ষোভ: ‘শেখ হাসিনার শাসনামলের ইতিহাস গুম-খুনের’

বাঁশখালীতে বিএনপির বিক্ষোভ: ‘শেখ হাসিনার শাসনামলের ইতিহাস গুম-খুনের’
নিজস্ব প্রতিবেদক
বাঁশখালী · ২৮ নভেম্বর ২০২৬, ২১:২২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। শনিবার বিকেলে উপজেলার পুঁইছড়ি প্রেমবাজারে এ কর্মসূচি পালন করা হয়।

বিকেলে প্রেমবাজারের দক্ষিণ মাথা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উত্তর মাথা প্রদক্ষিণ করে। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক।

প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান আশিক বলেন, ‘১০ নভেম্বর থেকে আজ পর্যন্ত গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরসহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির কার্যালয় ও শতাধিক বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে। গোপালগঞ্জে দুটি স্থাপনা এবং তিনজন সংসদ সদস্যের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। বিএনপি নেতা বাবরের মালিকানাধীন একটি হাসপাতালেও আগুন দিয়েছে। এ ছাড়া পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০টি এবং সাধারণ মানুষের ২০টির বেশি গাড়িতে অগ্নিসংযোগ করেছে।’

মফিজুর রহমান আশিক আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর শাসনামলের ইতিহাস গুম-খুনের ইতিহাস। গত ১৭ বছরে ছয় হাজারের বেশি মানুষকে গুম ও তিন হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০ ছাত্র-জনতা নিহত হয়েছেন এবং ২৫ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন।’

শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘৫ আগস্টের পর থেকে শেখ হাসিনা এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগ, প্রযুক্তির মাধ্যমে বক্তব্য রেকর্ড করে প্রচার করা সম্ভব। তাই তাঁর বর্তমান অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।’

আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সমালোচনা করে ছাত্রদলের সাবেক এই নেতা বলেন, ২০০৬ সালের লগি-বৈঠার তাণ্ডব মানুষ এখনো ভুলে যায়নি। তারা আবারও পুরোনো অগ্নিসন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। অতীতে ছাত্রলীগের নেতা-কর্মীরা অনেকের নখ উপড়ে ফেলেছে, হাত-পা কেটে দিয়েছে। গুম-খুন ও নির্যাতনের সেই ইতিহাস মানুষ ভুলে যায়নি। এখন তারা মায়াকান্না করছে।

সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ১৬ ডিসেম্বর ফিরতে চান শেখ হাসিনা; প্রত্যর্পণ ছাড়া সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

রাজনীতি থেকে আরও