খুঁজুন
, ,
শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬
ধর্ম

দ্বীনি জ্ঞান অর্জনের চেয়ে জীবনে বাস্তবায়নের তাগিদ শায়খ আহমাদুল্লাহর

দ্বীনি জ্ঞান অর্জনের চেয়ে জীবনে বাস্তবায়নের তাগিদ শায়খ আহমাদুল্লাহর
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৬, ২০:০৩

আল্লাহর দ্বীন গলায় সাজিয়ে রাখার অলংকার বা গলাবাজির নাম নয়, বরং অর্জিত জ্ঞান জীবনে বাস্তবায়ন করা জরুরি।

চট্টগ্রামের ফটিকছড়িতে আয়োজিত এক ইসলামী মহাসম্মেলনে এই আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের বার্ষিক ইসলামী মহাসম্মেলনে তিনি বয়ান দেন।

দুই দিনব্যাপী এই মহাসম্মেলনের শেষ দিনে জুমার নামাজের আগে দেওয়া বক্তৃতায় তিনি দ্বীনি জ্ঞান অর্জনের পাশাপাশি তা জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রায় ৪৯ মিনিটের বক্তব্যে শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন, দেশে বর্তমানে ইলম ও আমলের মধ্যে বড় ধরনের ঘাটতি রয়েছে।

মানুষ দ্বীনি জ্ঞান অর্জন করলেও এবং বিভিন্ন হাদিস শুনলেও সেই অনুযায়ী জীবনে আমল করার প্রবণতা কমে যাচ্ছে বলে তিনি জানান।

ইসলামের শিক্ষা হলো অর্জিত জ্ঞান নিজের জীবনে বাস্তবায়ন করা, এমনটিই তিনি তাঁর বয়ানে স্মরণ করিয়ে দেন।

সাহাবায়ে কেরাম ও পূর্ববর্তী মনীষীরা একটি হাদিস বা দ্বীনি নির্দেশনা শুনলেও তা জীবনে ধারণ করার চেষ্টা করতেন বলে শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন।

তাঁদের কাছে জ্ঞান অর্জনের উদ্দেশ্য শুধু জানা ছিল না, বরং সেই অনুযায়ী আমল করাই মূল লক্ষ্য ছিল।

বক্তব্যে দৈনন্দিন জীবনের ছোট ছোট নেক আমলের গুরুত্বও তুলে ধরেন এই ইসলামী আলোচক।

তিনি জানান, চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও সমাজ থেকে এটি হারিয়ে যেতে বসেছে।

রাস্তা থেকে চিপসের খালি প্যাকেট, ডাবের খোসা বা অন্য কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে রাখাকেও তিনি সওয়াবের কাজ হিসেবে অভিহিত করেন।

এই ধরনের কাজকে ছোট করে দেখার সুযোগ নেই জানিয়ে মানুষের চলাচলের পথ নিরাপদ ও নির্বিঘ্ন করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ভালো কাজ করার জন্য সব সময় বড় কোনো আয়োজন বা বিশেষ সুযোগের প্রয়োজন হয় না বলেও তিনি মন্তব্য করেন।

মানুষের উপকারে আসে এমন ছোট ছোট কাজও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হতে পারে।

তাই প্রতিটি কাজে সওয়াবের নিয়ত রাখা এবং অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের দুই দিনব্যাপী এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হয়।

সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

ধর্ম থেকে আরও