খুঁজুন
, ,
সোমবার, ৯ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

হুমকিতে চাকরি ছাড়তে চান ফটিকছড়ির ‘ভালো ডাক্তার’

রোগীরা চান ফিরুন, ডা. মুহুরী এখনো দ্বিধায়

হুমকিতে চাকরি ছাড়তে চান ফটিকছড়ির ‘ভালো ডাক্তার’
১ নভেম্বর ২০২৬, ১৪:১৬

তিন বছরের ছেলেটা ব্যথায় কষ্ট পাচ্ছিল। বাবা আব্দুস সালাম তাকে নিয়ে এসেছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। খুঁজছিলেন একজন নির্দিষ্ট চিকিৎসককে। তাঁকে না পেয়ে সেদিন ফিরে যেতে হয়।

পরে ব্যক্তিগত চেম্বারে গিয়ে সেই চিকিৎসকেরই চিকিৎসা নেন তিনি। ছেলে এখন ভালো আছে। আব্দুস সালাম বলেন, ‘হাসপাতালে এসে ওনাকে পাইনি। পরে প্রাইভেটে দেখিয়ে ছেলে এখন ভালো, আলহামদুলিল্লাহ। তিনি অনেক ভালো ডাক্তার।’

যাঁর খোঁজে এসেছিলেন এই বাবা, তিনি ডা. মো. জয়নাল আবেদিন মুহুরী। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট (শিশু)।

সাইবার বুলিং আর প্রাণনাশের হুমকির মুখে গত ৭ সেপ্টেম্বর চাকরি ছাড়ার লিখিত আবেদন জমা দেন তিনি। কর্তৃপক্ষ তাঁকে অব্যাহতি দেয়নি। আবেদনটি পুনর্বিবেচনার জন্য রেখে দেওয়া হয়েছে।

তবে এরপর থেকে নিয়মিত হাসপাতালে আসছেন না এই শিশুরোগ বিশেষজ্ঞ। তাঁর অনুপস্থিতিতে সবচেয়ে বেশি ভুগছে শিশুরা। বিশেষজ্ঞের দেখা না পেয়ে ফিরে যাওয়া এখন অভিভাবকদের নিত্যদিনের অভিজ্ঞতা।

স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ রোগী চিকিৎসা নেন। তাঁদের প্রায় ১০ শতাংশই শিশু। অর্থাৎ প্রতিদিন ৭০ থেকে ৮০টি শিশু আসে এখানে। উপজেলায় সরকারি পর্যায়ে তাদের ভরসা ছিলেন মূলত একজনই।

রোগী ও স্বজনেরা বলছেন, শিশুরোগ বিশেষজ্ঞ হলেও ডা. মুহুরী সব ধরনের রোগী দেখতেন। মনোযোগ দিয়ে রোগীর কথা শুনতেন। অপ্রয়োজনীয় পরীক্ষা দিতেন না। অসহায় রোগীদের কখনো কখনো নিজের পকেট থেকে আর্থিক সহায়তাও দিয়েছেন। উপজেলাজুড়ে তাই তাঁর পরিচিতি ‘ভালো ডাক্তার’ হিসেবে।

করোনা মহামারির সময়েও তিনি চিকিৎসা দিয়ে গেছেন। একপর্যায়ে নিজেও আক্রান্ত হন। সুস্থ হয়ে আবার ফিরে আসেন রোগীদের কাছে।

মো. আলীর শিশুসন্তান দীর্ঘদিন নানা অসুখে ভুগছিল। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও ফল পাননি। তিনি বলেন, ‘এই ডাক্তারের চিকিৎসা আর ওষুধে আল্লাহ সন্তানকে সুস্থ রেখেছেন। আমি নামাজ পড়ে ওনার জন্য দোয়া করি, যেন তিনি ভালো থাকেন, এভাবে মানুষের সেবা করতে পারেন।’

শাকিলা জাহান এসেছিলেন চিকিৎসা নিতে। তিনি বলেন, ‘উনি না থাকায় আমাদের অনেক সমস্যা হচ্ছে। উনার আচরণ খুব ভালো। আমরা চাই তিনি আবার স্বপদে ফিরে আসুন।’

রোগী ও সহকর্মীদের দাবির মুখে ডা. মুহুরীকে আবার নিয়মিত হাসপাতালে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল আলম।

তিনি বলেন, ‘মানবিক চিকিৎসক হিসেবে তিনি উপজেলায় পরিচিত। এটা স্বাস্থ্যসেবার জন্য দৃষ্টান্ত। কিন্তু সাইবার বুলিং ও ব্যক্তিগত আক্রমণে তাঁর মতো একজন চিকিৎসক হেরে গেলে সেটা আমাদের জন্য অশনিসংকেত। কর্তৃপক্ষ তাঁর আবেদন পুনর্বিবেচনার জন্য রেখেছে।’

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ‘সাইবার বুলিং ও প্রাণনাশের হুমকির বিষয়টি প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন।’ তিনি জানান, রোগী ও সহকর্মীদের অনুরোধের পর ডা. মুহুরী শিগগিরই তাঁর সিদ্ধান্ত জানাবেন।

ফিরবেন কি না, জানতে চাইলে ভারাক্রান্ত কণ্ঠে ডা. জয়নাল আবেদিন মুহুরী বলেন, ‘আমার ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী, রোগী আর অসংখ্য শুভাকাঙ্ক্ষী স্বপদে ফিরতে অনুরোধ করেছেন। কিন্তু বিষয়টি নিয়ে এখনো ভাবিনি। আশা করছি, একদিন সবার শুভবুদ্ধির উদয় হবে।’

সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছেন ফটিকছড়ির অভিভাবকেরা। তাঁদের কাছে এটি শুধু একজন চিকিৎসককে ফিরে পাওয়ার প্রশ্ন নয়। প্রশ্নটি হলো, অসুস্থ শিশুকে নিয়ে সরকারি হাসপাতালে এসে তাঁরা বিশেষজ্ঞের দেখা পাবেন কি না।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও