খুঁজুন
, ,
সোমবার, ৯ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৬০ কিলোমিটার যেন এক মৃত্যুপুরী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৬০ কিলোমিটার যেন এক মৃত্যুপুরী
৫ নভেম্বর ২০২৬, ১৩:৩৩

রাস্তাটা পার হলেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। মহাসড়কের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তিন ছাত্রী। তাঁদের একজন মাইশা মুশফিরাত।

হঠাৎ দ্রুতগতির একটি লরি ধাক্কা দেয় যাত্রীবাহী এক মিনিবাসকে। বাসটি উল্টে পড়ে সোজা তাঁদের ওপর।

গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। মাইশাকে আর বাঁচানো যায়নি।

ঘটনাটি গত ৩ নভেম্বর সকালের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কুমিরায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে।

এর ঠিক এক সপ্তাহ আগে একই কুমিরায় ঘটে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা।

চট্টগ্রাম শহর থেকে ৩০-৩২ জন যাত্রী নিয়ে বাসটি যাচ্ছিল নেত্রকোনা। কুমিরায় পৌঁছাতেই বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। জনা দশেক যাত্রী নেমে রাস্তার পাশে দাঁড়ান।

তখনই দ্রুতগতির একটি লরি তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। হাসপাতালে নেওয়ার পর একটি শিশুসহ নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচে। আহত হন আরও চারজন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টায়, কিং অব কুমিরা কনভেনশন হলের দক্ষিণ পাশে।

তার আগে ২১ অক্টোবর। টানা ছুটিতে মাইক্রোবাসে বান্দরবান বেড়াতে যাচ্ছিল একটি পরিবার। সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। মারা যান মা ও মেয়ে। আহত হন আরও চারজন।

দুই সপ্তাহে তিনটি দুর্ঘটনা। একই মহাসড়ক, একই অঞ্চল।

মিরসরাইয়ের ধুমঘাট থেকে সীতাকুণ্ডের সিটি গেট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই ৬০ কিলোমিটারে প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। ঝরছে তরতাজা প্রাণ। যাঁরা বেঁচে যাচ্ছেন, তাঁদের অনেকে বরণ করছেন সারা জীবনের পঙ্গুত্ব।

খাতায় মৃত্যুর হিসাব

জোরারগঞ্জ, কুমিরা ও বারআউলিয়া হাইওয়ে থানা, বারইয়ারহাট ও মিরসরাই ফায়ার সার্ভিস এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্য মিলিয়ে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এই অংশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রায় এক শ মানুষ।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের হিসাবে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ধুমঘাট থেকে বড়তাকিয়া ইউটার্ন পর্যন্ত দুর্ঘটনা ঘটেছে ৪৯টি। নিহত ২৮ জন, যাঁদের মধ্যে ২৩ জন পুরুষ, ৪ জন নারী ও একটি শিশু। আহত অর্ধশত। মামলা হয়েছে ২৫টি।

কুমিরা হাইওয়ে থানা পুলিশ জানায়, সীতাকুণ্ডের শুকলালহাট থেকে মিরসরাইয়ের বড়তাকিয়া পর্যন্ত ২০ কিলোমিটারে চলতি বছরের ১০ মাসে দুর্ঘটনা ঘটেছে ৪৫টি। নিহত ৩৫ জন, আহত ২০ জন। মামলা হয়েছে ৩০টি।

মৃত্যুর মিছিল থামেনি এরপরও। গত বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে দ্রুতগামী জোনাকী পরিবহনের বাসের ধাক্কায় নিহত হন এক ব্যক্তি।

২০ অক্টোবর বড়তাকিয়া বাইপাসে দ্রুতগতির একটি প্রোবক্সের ধাক্কায় প্রাণ যায় ব্যাটারিচালিত রিকশার চালক মো. সাদেক মিয়ার (৫৯)। ১৭ অক্টোবর সোনাপাহাড়ে কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় নিহত হন পিকআপচালক মো. রিয়াজ। পৃথক আরেক দুর্ঘটনায় মারা যান সবজি বিক্রেতা মোহাম্মদ হুমায়ুন (২৬)।

শুধু মহাসড়ক নয়। মিরসরাইয়ের আঞ্চলিক সড়ক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সড়কেও প্রায়ই দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি হচ্ছে। সেখানে বেশি দুর্ঘটনায় পড়ছে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল।

কেন থামছে না মৃত্যু

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি রকিবুল হাসান দুর্ঘটনার কারণ হিসেবে একটি লম্বা তালিকা দিলেন। বেপরোয়া গতি, ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালক, সড়কের গর্ত ও খানাখন্দ, চালকের চোখে ঘুম, ইউটার্নে গাড়ি থামিয়ে রাখা, সিএনজিচালিত অটোরিকশার চলাচল, উল্টোপথে গাড়ি চালানো আর ট্রাফিক আইন না মানা।

তিনি বলেন, তাঁর থানা বড়তাকিয়া বাজার থেকে ধুমঘাট সেতু পর্যন্ত ১৮ কিলোমিটারে নিয়মিত দায়িত্ব পালন করে। মহাসড়কে অনেক সময় বড় কাভার্ড ভ্যান ও লরি অবৈধভাবে পার্ক করে রাখা হয়। পেছন থেকে দ্রুতগতিতে আসা ট্রাক-লরি সেগুলোকে ধাক্কা দিলেই ঘটে দুর্ঘটনা।

ওসি জানান, বিভিন্ন পয়েন্টে আইন প্রয়োগ জোরদারের চেষ্টা চলছে। অবৈধ সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে প্রতিদিন অভিযান চালিয়ে মাসে গড়ে ৫০টি মামলা দেওয়া হচ্ছে। আগামীতে থ্রি-হুইলারের বিষয়ে জিরো টলারেন্স নীতি নেওয়া হচ্ছে।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস দুর্ঘটনাস্থলে ছুটে যান প্রায় প্রতিদিন। তাঁর অভিজ্ঞতায়, বড় একটি অংশ দুর্ঘটনা ঘটে মহাসড়কে থেমে থাকা গাড়ির পেছনে ধাক্কায়।

“যন্ত্রাংশের ত্রুটি সারাতে যে গাড়িগুলো থামানো থাকে, পেছন থেকে আসা চলন্ত গাড়ি সেগুলোকে ধাক্কা দেয়। চালকের চোখে ঘুম থাকায় অনেক সময় সামনের থেমে থাকা গাড়ি তিনি দেখতেই পান না,” বলেন তিনি। পথচারীদের অসচেতনতাকেও দায়ী করেন এই কর্মকর্তা।

কুমিরার সেই রাতের দুর্ঘটনাও ঘটেছিল ঠিক এভাবেই। বিকল বাস থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর উঠে গিয়েছিল লরিটি।

চালকের আসন থেকে

বারইয়ারহাট থেকে চট্টগ্রাম শহরের মাদারবাড়ি রুটে চয়েস পরিবহনের বাস চালান জসীম উদ্দিন। তাঁর কাছে মহাসড়কটি এখন আর আগের মতো নেই।

“কয়েক বছর আগেও গাড়ি চালিয়ে যেটুকু স্বস্তি ছিল, এখন তা নেই। প্রতিনিয়ত যানজটে আটকে থাকতে হয়। বিভিন্ন ছোট রাস্তা থেকে হঠাৎ সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে উঠে পড়ে। কখনো কখনো আমাদের সঙ্গে পাল্লাও দেয়,” বলেন তিনি।

জসীমের অভিযোগ, ছোট গাড়ির চলাচল নিয়ে পুলিশের কার্যকর পদক্ষেপ তাঁর চোখে পড়ে না।

ট্রাকচালক ইকবাল হোসেন দেখালেন আরেকটি বিপদ। হাটবাজারে ঢোকার মুখে ডিভাইডারের চিহ্ন হালকা কুয়াশাতেই চোখে পড়ে না।

“উত্তর দিক থেকে বারইয়ারহাট বাজারে ঢোকার সময় অনেক বাস-ট্রাক ধাক্কা খেয়েছে। দক্ষিণ দিক থেকে মিরসরাই সদরে ঢোকার মুখেও একই অবস্থা,” বলেন তিনি।

শীত আসছে। সামনে কুয়াশার মৌসুম। ইকবালের দাবি একটাই, “এসব জায়গায় স্পষ্ট নির্দেশক চিহ্ন দরকার।”

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও