অসময়ের তরমুজ বদলে দিচ্ছে কৃষকের ভাগ্য
৪ লাখ ২৫ হাজার টাকা খরচে লাভের আশা ১০ লাখ

তরমুজের ভরা মৌসুম পেরিয়ে গেছে অনেক আগে। তবু চট্টগ্রামের মিরসরাইয়ের মাঠে এখন তরমুজের ফলন।
অসময়ে ফলানো এই তরমুজই এবার কৃষকের ঘরে লাভের আশা জাগিয়েছে।
উপজেলার খৈয়াছরা ইউনিয়নের সাতজন কৃষক এবার প্রায় ২০০ শতক জমিতে তরমুজ চাষ করেছেন। খরচ হয়েছে ৪ লাখ ২৫ হাজার টাকা। কৃষকেরা আশা করছেন, সব খরচ বাদ দিয়ে প্রায় ১০ লাখ টাকা লাভ থাকবে।
ফসল ঘরে উঠতে সময় লাগে মাত্র ৬০ থেকে ৭০ দিন। বাজার অনুকূলে থাকলে প্রতি বিঘা থেকে প্রায় দুই লাখ টাকা লাভের আশা করছেন তাঁরা।
মাছিমেরতালুক এলাকার কৃষক সাহেদ হোসেন এবার ২২ শতক জমিতে তরমুজ লাগিয়েছেন।
তিনি বলেন, “ফলন ভালো হয়েছে। এর মধ্যেই আড়তে ১ লাখ ৪৫ হাজার টাকার তরমুজ বিক্রি করেছি। আরও ২ লাখ টাকার বিক্রি করতে পারব বলে আশা করছি।”
খৈয়াছরা গ্রামের মুসলিম উদ্দিন মিয়া খানের গল্পটা আরেকটু নতুন। এবারই প্রথম তিনি অসময়ের তরমুজ চাষে নেমেছেন।
উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে ১৮ শতক জমিতে মালচিং পদ্ধতিতে চার জাতের তরমুজ লাগিয়েছেন তিনি। জাতগুলো হলো লিওনা, সুগার কিং, সূর্যডিম ও বিগবাইট। কৃষি বিভাগের সহযোগিতার পাশাপাশি নিজের পকেট থেকে খরচ করেছেন ৭০ থেকে ৮০ হাজার টাকা।
তাঁর ক্ষেতের সব তরমুজ এখন বাজারে তোলার জন্য প্রস্তুত। দাম ভালো থাকলে আড়াই লাখ টাকার বেশি লাভের আশা করছেন তিনি। ফলন দেখে আগামীতে চাষের পরিমাণ বাড়ানোর কথাও ভাবছেন।
সাহেদ ও মুসলিম উদ্দিনের মতো এবার তরমুজ চাষ করেছেন মোজাম্মেল হক, আব্দুল কুদ্দুস, বিপ্লব সিংহ ও মোহাম্মদ ইউসুফসহ আরও কয়েকজন।
মৌসুমের বাইরে উৎপাদিত হওয়ায় এই তরমুজের চাহিদা বেশি, দামও ভালো। জাতভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ১১০ টাকায়।
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারেরা সরাসরি ক্ষেতে এসে তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন। ফলে বাজারে নেওয়ার ঝামেলাও কমেছে কৃষকের।
অথচ শুরুটা এত সহজ ছিল না।
খৈয়াছরা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, “শুরুতে অসময়ের তরমুজ চাষে কৃষকদের আগ্রহ কম ছিল। প্রশিক্ষণ আর প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে তাঁদের উদ্বুদ্ধ করা হয়েছে। এখন ভালো ফলন আর লাভ দেখে অন্য কৃষকেরাও আগ্রহী হচ্ছেন।”
মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, কয়েক বছর ধরে উপজেলায় এই তরমুজের চাষ হচ্ছে। প্রথমে দু-একজন শুরু করেছিলেন। তাঁদের দেখাদেখি এখন আরও কৃষক যুক্ত হচ্ছেন।
তিনি বলেন, “টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এবার চারটি অসময়ের তরমুজ প্রদর্শনী দেওয়া হয়েছে। কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি বিনা মূল্যে বীজ ও কৃষি উপকরণ দেওয়া হচ্ছে।”
কৃষি বিভাগের হিসাবে, এ মৌসুমে প্রায় ২০০ শতক জমি থেকে ২০ থেকে ২৫ মেট্রিক টন তরমুজ উৎপাদনের সম্ভাবনা আছে।
মাত্র দুই মাসের একটু বেশি সময়ে ফসল তুলে একই জমিতে আবার অন্য ফসল ফলানো যায়। মিরসরাইয়ের কৃষকের কাছে অসময়ের তরমুজ তাই হয়ে উঠছে বাড়তি আয়ের নতুন ঠিকানা।





আপনার মতামত লিখুন