খুঁজুন
, ,
সোমবার, ৯ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

মহাসড়ক ঘিরে মাদকের রুট, ছয় মাসে ধরা পড়ল ৭২৩ জন

‘শুধু অভিযানে মাদক থামবে না’, বলছেন জোরারগঞ্জের ওসি

মহাসড়ক ঘিরে মাদকের রুট, ছয় মাসে ধরা পড়ল ৭২৩ জন
৬ নভেম্বর ২০২৬, ২২:২৮

মহাসড়কের পাশের জনপদ, পাশেই দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় এই ভৌগোলিক সুবিধাই অপরাধীদের কাছে হয়ে উঠেছে বড় সুযোগ। মাদক, চোরাচালান, চুরি আর ডাকাতির নানা চক্র সক্রিয় এখানে।

এসব চক্রের বিরুদ্ধে গত ছয় মাসে ধারাবাহিক অভিযান চালিয়েছে জোরারগঞ্জ থানা পুলিশ। থানার হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১ মে থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন ৭২৩ জন।

এ সময় উদ্ধার হয়েছে ১ লাখ ২৮ হাজার ৮৯৮টি ইয়াবা বড়ি, ৪৩৭ কেজি গাঁজা, ১ হাজার ৯৬ লিটার চোলাই মদ ও ১৬৭ বোতল বিদেশি মদ। জব্দ হয়েছে বিদেশি পিস্তল, গুলি আর বিপুল চোরাই মালামাল।

অভিযানগুলোর নেতৃত্বে ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াই

পুলিশের দেওয়া বিবরণী বলছে, এই সময়ে ১২৬ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে ১০৮টি।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়। তথ্য সংগ্রহে কাজে লাগানো হয় নিজস্ব সোর্স। বেশির ভাগ অভিযানে ওসি নিজে উপস্থিত ছিলেন।

চুরির ঘটনায় এই সময়ে ১৩৬টি মামলা হয়েছে। এসব মামলার তদন্তে উদ্ধার হয়েছে নানা ধরনের মালামাল।

তালিকায় আছে একটি ড্রাম ট্রাক, দুটি সিএনজিচালিত অটোরিকশা, একটি ইজিবাইক এবং পালসার ও ইয়ামাহাসহ ছয়টি মোটরসাইকেল। আছে ১২ টন ১০০ কেজি লোহার রড, সাত কেজি তামার তার, ১১টি মুঠোফোন ও একটি সোনার চেইন।

উদ্ধার হয়েছে দুটি পানির মোটর, তিনটি ইউপিএস, তিনটি ব্যাটারি এবং অর্থনৈতিক অঞ্চলের ৮১ ফুট বৈদ্যুতিক কেবলও। এসব ঘটনায় একাধিক চোরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

চোরাচালানবিরোধী সাতটি মামলায় জব্দের তালিকাও দীর্ঘ। এর মধ্যে আছে ১৭ হাজার ৫৫০ কেজি প্লাস্টিকের কাঁচামাল এবং ৪৮ হাজার ৯৯৫ কেজি অপরিশোধিত তেল ও ক্রুড গ্লিসারিন।

আরও জব্দ হয়েছে ৩০১ বস্তা ইউরিয়া সার, ১৮০টি ভারতীয় শাড়ি, ১০০টি ভারতীয় ওষুধ, ১৯টি গরু ও দুটি পিকআপ। ছিল হরলিক্স, নবরত্ন তেল, কিটক্যাট, স্নিকার্স ও ডেইরি মিল্কের মতো নানা ব্র্যান্ডের পণ্যও। পুলিশের ধারণা, জব্দ করা পণ্য ও যানবাহনের মূল্য কয়েক কোটি টাকা পর্যন্ত।

অস্ত্র, ডাকাতি আর পলাতক খুনের আসামি

দুটি পৃথক অভিযানে গ্রেপ্তার হয়েছেন দুই অস্ত্রধারী। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ৭.৬২ বোরের একটি বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, নয়টি তাজা গুলি, একটি ফোল্ডিং ছুরি ও দেশীয় অস্ত্র।

অর্থনৈতিক অঞ্চলে এক ডাকাতির পর দ্রুত অভিযানে গ্রেপ্তার হন সাতজন। উদ্ধার হয় লুট হওয়া ১৫০ মিটার বৈদ্যুতিক তার।

চারটি হত্যা মামলায় পলাতক ছয় আসামিকেও দেশের বিভিন্ন স্থান থেকে ধরেছে পুলিশ। তাঁদের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ডাকাতি ঠেকাতে থানার অপরাধপ্রবণ এলাকার পেশাদার ডাকাতদের একটি তালিকা তৈরি করেছে পুলিশ। তাঁদের গতিবিধি নজরে রাখা হচ্ছে, বাড়িতেও চলছে নিয়মিত অভিযান। আগাম তথ্য পেয়ে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ একাধিক ডাকাতকে ধরার কথাও জানিয়েছে পুলিশ।

৭২৩ জনের হিসাব

মাদক মামলার ১২৬ জনের বাইরে অন্যান্য নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন ২৩৬ জন। জিআর পরোয়ানায় ৭৫ জন, সিআর পরোয়ানায় ৮৬ জন, জিআর সাজা পরোয়ানায় সাতজন এবং সিআর সাজা পরোয়ানায় ১৫ জন ধরা পড়েছেন।

ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১৭৩ জন, ৫৪ ধারায় তিনজন এবং দণ্ডবিধির ২৯০ ধারায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে সংখ্যাটি ৭২৩।

এ ছাড়া কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযানে ১৯২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৯৭ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ৯৫ জনকে পাঠানো হয়েছে আদালতে।

শুধু অভিযানে মাদক থামবে না

ওসি মোহাম্মদ আব্দুল হালিম মনে করেন, পুলিশের একার পক্ষে এই লড়াই জেতা সম্ভব নয়।

তিনি বলেন, “অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি অপরাধ ঘটার আগেই তা ঠেকাতে আমরা কাজ করছি। তবে মাদক নির্মূলে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়। এ জন্য সামাজিক সচেতনতা ও মানুষের সহযোগিতা খুব জরুরি।”

সেই সচেতনতার জন্য থানার পুলিশ যাচ্ছে স্কুল-কলেজ, মসজিদ ও উপাসনালয়ে। কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সভায় তুলে ধরা হচ্ছে মাদক ও অপরাধের ক্ষতির দিক।

ওসি বলেন, “অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানাই। জোরারগঞ্জের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও