গাছের চারা কিনতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ শামসুল আলম নামে ষাট বছর বয়সী এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুল আলম স্থানীয় চুনতি শাহ সাহেব গেট এলাকার বাসিন্দা এবং তাঁর বাবার নাম আবদুল জলিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাছের চারা কেনার জন্য বাইসাইকেল চালিয়ে স্থানীয় একটি নার্সারিতে যাচ্ছিলেন শামসুল আলম। সে সময় একই দিকে যাওয়া হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁর বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল, যার ফলে সড়কের দুই পাশেই দীর্ঘ যানজট তৈরি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দুর্ঘটনার পরপরই চালক বাসটি সড়কের পাশে ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন বাসটিকে আটকে রাখে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি স্থানীয়রা আটকে রেখেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





আপনার মতামত লিখুন