সার পাচার: মিরসরাইয়ে বিএনপি ও ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা স্থানীয় বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত বলে জানা গেছে।
ওচমানপুর ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাট (৫৭), তাঁর ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং একই ইউনিয়নের ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফারাবি হোসেন (২৬)।
সোমবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল হয়ে মিয়ানমারে সার পাচার করে আসছিল একটি চক্র। গত ৩১শে অক্টোবর মিয়ানমারে পাচারের অপেক্ষায় থাকা ৩০১ বস্তা সার জব্দ করে পুলিশ। সে সময় সার পাচারের সাথে জড়িত কয়েকজনকে আটক করা হয়। আটককৃতদের দেওয়া তথ্য ও তাদের মোবাইল ফোনের কল লিস্ট ধরে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার প্রমাণ পায় পুলিশ।
এই তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের কার্যালয়েও অভিযান চালায় জোরারগঞ্জ থানা পুলিশ।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম জানান, সার জব্দের ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছিল পুলিশ। নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম ও তার ভাই নুর উদ্দিন সার চালানের বিষয়টি আটককৃতদের জানিয়ে স্থানীয়ভাবে সাহায্য করতে বলে। পরবর্তীতে মিরসরাই ইকোনমিক জোন এলাকায় শওকত আকবর সোহাগ ট্রাকভর্তি সারের বস্তাগুলো মুহুরী প্রজেক্টের বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমারে পাচার করে দেওয়ার প্রলোভন দেখায়।
এর ভিত্তিতে ফারাবি হোসেনসহ অন্যান্য আসামিদের সহযোগিতায় সারের বস্তাগুলো পাচারের চেষ্টা করা হয়, যা পুলিশের তৎপরতায় ব্যর্থ হয়। রবিবার ভোররাতে অভিযান চালিয়ে পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে মহসিন সম্রাট, তাঁর ছেলে আজহার ও ফারাবিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য যুবদল নেতা শওকত আকবর সোহাগের কার্যালয় থেকে বাদশাহ নামে একজনকে আটক করা হলেও, পাচারের সাথে তাঁর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃত তিনজনকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।





আপনার মতামত লিখুন