মরুর ‘সাম্মাম’ এখন ধুরুং নদীর চরে

ধুরুং নদীর চরে একসময় চাষ হতো আলু, মূলা আর বেগুন। মৌসুম এলে নানান সবজিতে ভরে উঠত চরের মাটি।
সেই চরে এবার ভিন্ন দৃশ্য। মালচিং পেপারে ঢাকা সারি সারি বেডে ফলেছে সাম্মাম। মরুভূমির ফল হিসেবে যার পরিচিতি, সেটিই এখন উঠছে চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে।
এই সাফল্যের পেছনে আছেন কৃষক মো. এখলাস (৪২)। ধুরুং চরে প্রথমবারের মতো ৪০ শতক জমিতে সাম্মাম চাষ করেছেন তিনি।
শুরুটা হয়েছিল মুঠোফোনের পর্দায়। ইউটিউবে সাম্মাম চাষের ভিডিও দেখে আগ্রহ জাগে এখলাসের। এরপর অনলাইনে বীজ সংগ্রহ করে নেমে পড়েন চাষে।
প্রথমবারেই বাজিমাত। এরই মধ্যে ১ হাজার ৮০০ কেজি সাম্মাম বিক্রি করে তাঁর আয় হয়েছে ১ লাখ ৮ হাজার টাকা।
এখলাসের খেতটি উপজেলার মানিকপুর বাইন্যাচোলা ব্রিজের পাশে, ধুরুং চরে। তিনি নুরুল আলম সরদার বাড়ির বাসিন্দা, বাবা প্রয়াত আবুল কাশেম।
কৃষিকাজ তাঁর কাছে নতুন নয়। এর আগে কলা, বরইসহ নানা ফল ও ফসল চাষ করেছেন। একসময় গাছের ব্যবসাও করতেন।
তবে এবার চেয়েছিলেন চেনা পথের বাইরে কিছু করতে। নতুন কিছুর আগ্রহ আর বেশি লাভের আশায় বেছে নেন সাম্মাম।
গত ২২ আগস্ট মালচিং পেপার বিছিয়ে ৪০ শতক জমিতে ২ হাজার ৪০০ চারা রোপণ করেন। খরচ হয় প্রায় ৪৫ হাজার টাকা।
দেড় মাস যেতেই গাছে ফল আসতে শুরু করে। এখন প্রায় প্রতিটি গাছেই ফলন।
সাম্মামের বাইরের খোসা হালকা সবুজ, ভেতরের শাঁস হলুদ। খেতে মিষ্টি, তবে আলাদা কোনো ঘ্রাণ নেই।
পাইকারি বাজারে প্রতি কেজি সাম্মাম বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। ফল নিতে পাইকারেরা সরাসরি চলে আসছেন খেতে। উপজেলা সদর ছাড়াও আশপাশের নানা এলাকা থেকে আসছেন ক্রেতারা।
খেতে এখনো রয়েছে আরও প্রায় ১ হাজার ৫০০ কেজি ফল। সেগুলো বিক্রি হলে আরও এক থেকে দেড় লাখ টাকা আসতে পারে বলে আশা এখলাসের। সব মিলিয়ে প্রথম মৌসুমেই দুই থেকে আড়াই লাখ টাকার ফল বিক্রির স্বপ্ন দেখছেন তিনি।
এই খেতে এখলাসের সঙ্গে কাজ করেন স্থানীয় চারজন শ্রমিক। সাম্মামের পাশাপাশি তাঁর অন্য খেতেও হাত লাগান তাঁরা।
চাষে ব্যবহার করা হয়েছে জৈব সার ও সালফার। পোকামাকড় দমনে প্রয়োজন অনুযায়ী কয়েক ধরনের কীটনাশকও দিতে হয়েছে।
খেতের শ্রমিক রমজান আলীর কাছে সাম্মাম একেবারেই নতুন ফল। এই চাষের জন্য তাঁদের নতুন করে কাজ শিখতে হয়েছে বলে জানালেন তিনি। মালিকের নির্দেশনা মেনে কাজ করেছেন। ভালো ফলন দেখে তাঁদেরও আনন্দ লাগছে।
ফটিকছড়িতে সাম্মাম চাষে এখলাস একা নন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরও পাঁচজন কৃষক এই ফল চাষ করেছেন। তবে কাঞ্চননগর ইউনিয়নের ধুরুং চরে এটিই প্রথম।
এখলাসের সাফল্য দেখে এলাকার অন্য কৃষকদের মধ্যেও সাম্মাম চাষে আগ্রহ তৈরি হয়েছে।
এখলাস বলেন, “ইউটিউব দেখে সাম্মাম চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। পরীক্ষামূলকভাবে এবার ৪০ শতক জমিতে চাষ করি। এতে আর্থিক লাভের পাশাপাশি নতুন ফসল চাষের অনেক অভিজ্ঞতাও হয়েছে।”
প্রথমবারের এই সাফল্যে তিনি আশাবাদী। আসন্ন শীত মৌসুম পেরোলে আবার সাম্মাম চাষ করবেন। এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও বড় পরিসরে চাষের ইচ্ছা তাঁর।
শুরু থেকেই এখলাসের উদ্যোগের খোঁজ রেখেছেন কৃষি উপসহকারী কর্মকর্তা শিবুরাম কৃষ্ণ দে। তিনি জানান, মাঝেমধ্যে খেতে গিয়ে ফসলের অবস্থা দেখেছেন, প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। ইউটিউব দেখে পরিকল্পনা করে এখলাস বেশ লাভবান হয়েছেন বলে মনে করেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক জানান, মরু অঞ্চলের ফল হিসেবে পরিচিত সাম্মাম ফটিকছড়িতে কয়েক বছর ধরেই চাষ হচ্ছে। তবে ধুরুং চরে বাণিজ্যিকভাবে প্রথম চাষ হলো কৃষি উদ্যোক্তা এখলাসের হাত ধরে।
কৃষি বিভাগ শুরু থেকেই তাঁকে পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিয়ে আসছে বলে জানান এই কর্মকর্তা। তাঁর আশা, এখলাসের এই উদ্যোগ অন্য কৃষকদেরও প্রচলিত চাষের বাইরে নতুন ফসলে উৎসাহ দেবে।
একসময়ের সবজির চর তাই এখন নতুন সম্ভাবনার নাম। ধুরুংয়ের বালুমাটিতে মরুর ফল ফলিয়ে এখলাস দেখিয়েছেন, সাহস আর শেখার আগ্রহ থাকলে চেনা মাটিতেও অচেনা ফসল ফলানো যায়।





আপনার মতামত লিখুন