মিরসরাইয়ে আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুরোনো একটি মামলার তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল প্রসাদ দেওয়ানজি (৬৬) এবং ওসমানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম (৫০)।
এ ছাড়া কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য নাজিম উদ্দিন (৩৮) ও মোহাম্মদ হোসেন খোকন (৪৩) গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার অপরজন হলেন জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী রানা শেখ (২৮)।
পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ অক্টোবর জোরারগঞ্জ থানায় পেনাল কোডের ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৪৪৭, ৪২৭, ১১৪, ১০৯ ও ৫০৬ ধারায় একটি মামলা (নম্বর-১২) দায়ের করা হয়।
পরবর্তীতে ওই মামলার তদন্তে এই পাঁচজনের নাম উঠে আসে।
এর পরিপ্রেক্ষিতে জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম এই পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের একটি মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।





আপনার মতামত লিখুন