খুঁজুন
, ,
মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

জরিমানা যেন ইটভাটা চালানোর খরচ

‘সবখানে ম্যানেজ করেই আমাদের চিমনি জ্বলছে’

জরিমানা যেন ইটভাটা চালানোর খরচ
একদিকে ভাটার মাটি আর ইট, অন্যদিকে পাকা ধান। আনোয়ারার বটতলীতে ফসলি জমি ঘেঁষেই চলছে ইটভাটা। ছবি: জিন্নাত আয়ুব। কোলাজ: বাংলার পত্রিকা গ্রাফিকস
১০ নভেম্বর ২০২৬, ১৭:২৭

“ইটভাটা দুইটা আমাদের গলার কাঁটা হয়ে গেছে।”

কথাগুলো চট্টগ্রামের আনোয়ারার বটতলী ইউনিয়নের কৃষক আব্দুল হালিমের। তাঁর অভিযোগ শুধু ধোঁয়া নিয়ে নয়। জমির ওপরের যে উর্বর মাটিকে কৃষকেরা জমির প্রাণ বলেন, সেই টপসয়েল কেটে নেওয়া হচ্ছে ভাটায়।

শুকনো মৌসুম এলে দুর্ভোগ আরও বাড়ে। মাটি আর ইটবোঝাই ট্রাকের দাপটে গ্রামের মানুষের জীবন বিষিয়ে ওঠে, বললেন এই কৃষক।

বটতলীর দুটি ইটভাটা ঘিরে একটি চক্র এখন স্পষ্ট। অভিযান আসে, জরিমানা হয়, তারপর চিমনি আবার জ্বলে। অথচ চলতি বছরের জানুয়ারি থেকে দেশে এমন আইন আছে, যা দিয়ে শুধু জরিমানা নয়, কারাদণ্ড এবং কেটে নেওয়া জমি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া যায়। আনোয়ারায় সেই আইনের প্রয়োগ এখনো দেখা যায়নি।

হলুদিয়াপাড়া ও পরীরবিল এলাকায় শাহ মোহছেন আউলিয়া ব্রিকস (এমবিএম) গড়ে উঠেছে তিন ফসলি জমির ওপর। ভাটাটির কোনো অনুমোদন নেই। সম্প্রতি প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা করলেও ভাটার কার্যক্রম থামেনি।

একই ইউনিয়নের এবিএম ব্রিকসের কিছু প্রাথমিক কাগজপত্র আছে। তবে পরিবেশগত ছাড়পত্র আর জেলা প্রশাসকের লাইসেন্স নিয়ে জটিলতা রয়ে গেছে। লাইসেন্স ছাড়া ভাটা চালানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত সম্প্রতি ভাটাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে বৈধ লাইসেন্স নেওয়ার নির্দেশ দেন।

জরিমানার পরও কীভাবে চিমনি জ্বলে, তার একটি ব্যাখ্যা মিলেছে ভাটামালিকের মুখেই।

এবিএম ব্রিকসের অন্যতম অংশীদার হারুন রশীদ এই প্রতিবেদককে বলেন, “শাহ মোহছেন আউলিয়ার ও আমরা আপনাকে দেখব। এসব নিয়ে নাড়াচাড়া করিয়েন না। সবখানে ম্যানেজ করেই আমাদের চিমনি জ্বলছে।”

প্রতিবেদককে ‘দেখার’ এই প্রস্তাব একটি বড় প্রশ্নও সামনে আনে। ‘সবখানে’ বলতে তিনি কোন কোন জায়গার কথা বোঝাচ্ছেন?

কৃষক আব্দুল হালিমের অভিযোগও একই দিকে ইঙ্গিত করে। তাঁর ভাষায়, “যে সরকার ক্ষমতায় থাকে, সেই সরকারের লোকজন সাথে নিয়ে তারা এই ইটভাটাগুলো চালায়। প্রশাসনের কাছে অভিযোগ করলেও নামমাত্র জরিমানা করে চলে যায়।”

স্থানীয় আরেকদল কৃষকের ক্ষোভ, “প্রতিবার প্রশাসন আসে, লোকদেখানো কিছু জরিমানা করে চলে যায়। কিন্তু ভাটা তো বন্ধ হয় না। জরিমানা দেওয়ার পর তাদের মাটি লুটপাট আরও বেড়ে যায়।”

পাকা ধানের মাঠের ওপারে ধোঁয়া ছাড়ছে ইটভাটার চিমনি। বটতলী ইউনিয়নে ভাটার একেবারে কাছেই চলছে আমনের চাষ। আনোয়ারা, চট্টগ্রাম।
পাকা ধানের মাঠের ওপারে ধোঁয়া ছাড়ছে ইটভাটার চিমনি। বটতলী ইউনিয়নে ভাটার একেবারে কাছেই চলছে আমনের চাষ। আনোয়ারা, চট্টগ্রাম।

জরিমানা, নাকি চালানোর খরচ?

গত ১৯ জানুয়ারি জারি হয় ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬’। পরে জাতীয় সংসদে এটি আইন হিসেবে পাস হয়।

এই আইনে ইটভাটার জন্য কৃষিজমির টপসয়েল কেনা, বেচা, কাটা, পরিবহন বা ব্যবহার করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা দুটিই হতে পারে।

শাস্তির পাশাপাশি আছে আরও শক্ত একটি বিধান। দায়ী ব্যক্তির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়, জমির প্রকৃতি আগের অবস্থায় ফেরানো এবং অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া যাবে।

আইনে আরও বলা আছে, দুই বা তার বেশি ফসলি জমি অকৃষি কাজে ব্যবহার করা যাবে না।

এই হিসাবে এবিএম ব্রিকসের ৫০ হাজার টাকার জরিমানা টপসয়েল কাটার সর্বোচ্চ জরিমানার মাত্র এক-দশমাংশ। তা-ও সেটি হয়েছে লাইসেন্স না থাকার দায়ে, মাটি কাটার অপরাধে নয়। ক্ষতিগ্রস্ত জমি ফেরানোর কোনো আদেশও আসেনি।

কৃষকেরা বলছেন, একটি মৌসুমে ভাটা যে আয় করে, তার সামনে এমন জরিমানা কার্যত চালানোর খরচ হয়ে দাঁড়িয়েছে।

ফসলি জমির পাশে বটতলীর একটি ইটভাটা। সামনে স্তূপ করে রাখা মাটি, পলিথিনে ঢাকা সারি সারি কাঁচা ইট আর ভাটার আঙিনায় পোড়া ইটের স্তূপ। আনোয়ারা, চট্টগ্রাম।
ফসলি জমির পাশে বটতলীর একটি ইটভাটা। সামনে স্তূপ করে রাখা মাটি, পলিথিনে ঢাকা সারি সারি কাঁচা ইট আর ভাটার আঙিনায় পোড়া ইটের স্তূপ। আনোয়ারা, চট্টগ্রাম।

এবার কী করবে প্রশাসন

আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিন উদ্দীন বলেন, “ফসলি জমি ধ্বংস করে ইটভাটা চালানো এবং অবৈধভাবে টপসয়েল কাটার বিষয়টি আমরা পুরোপুরি অবগত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকেও কঠোর নির্দেশনা আছে। এবার শুধু জরিমানা নয়, আমরা একটি বড় ও চূড়ান্ত উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নিচ্ছি।”

সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার বলেন, “টপসয়েল কাটা দণ্ডনীয় অপরাধ। পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বড় অভিযানের রূপরেখা তৈরি হয়েছে। কোনো প্রভাবশালী মহলের তদবিরে এবার কাজ হবে না।”

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জমির উদ্দিন বলেন, “জরিমানাকে যারা ইটভাটা টিকিয়ে রাখার লাইসেন্স মনে করছেন, তারা ভুল ভাবছেন। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথ তালিকা তৈরি করেছি।”

প্রতিশ্রুতি আগেও এসেছে। এবার পার্থক্য গড়তে পারে আইনের নতুন হাতিয়ারগুলো। ভাটা ভাঙার পাশাপাশি নতুন আইনে মামলা হলে মালিকের কারাদণ্ডের ঝুঁকি তৈরি হয়। জমি পুনরুদ্ধারের আদেশ হলে ক্ষতির দায় পড়ে যিনি মাটি কেটেছেন তাঁর ঘাড়েই।

উচ্ছেদের পর ভাটা যেন আবার চালু না হয়, সেই নজরদারিও জরুরি। অতীতে দেশের নানা জায়গায় অভিযানের পর অবৈধ ভাটা ফের চালু হওয়ার নজির আছে।

চিমনি ভাঙলে আবার গড়া যায়। কিন্তু জমির ওপরের উর্বর মাটি একবার হারালে তা ফিরতে প্রকৃতির শত শত বছর লেগে যেতে পারে।

কৃষক আব্দুল হালিম তাই আর আশ্বাসে ভরসা রাখতে চান না। তাঁর কথা, “একটি এলাকাকে বাঁচাতে হলে এই ইটভাটাগুলো উচ্ছেদ ছাড়া আর কোনো বিকল্প নেই।”

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও