খুঁজুন
, ,
শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

স্ত্রীকে মসজিদে পাঠিয়ে যমজ কন্যাকে খুন, পিতার আত্মহত্যা

স্ত্রীকে মসজিদে পাঠিয়ে যমজ কন্যাকে খুন, পিতার আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৬, ০০:১৩

পারিবারিক কলহ কিংবা মানসিক হতাশার জেরে চট্টগ্রামের বাঁশখালীতে সাত মাস বয়সী দুই যমজ কন্যাসন্তানকে শ্বাসরোধে হত্যার পর এক পিতা আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি মওলার পাড়ায় এই ঘটনা ঘটে।

প্রয়াত বদি আলমের বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়।

নিহত পিতার নাম মো. জাহেদ (৫৫)।

তিনি বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত বদিউল আলমের ছেলে।

নিহত দুই শিশুর নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত।

নিহতের স্ত্রী আফিয়া বেগম পুলিশকে ঘটনার পেছনের বিস্তারিত তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনি স্থানীয় নাপোড়া ভিলেজার পাড়া মসজিদে যান।

সেখানে নামাজ ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।

যাওয়ার সময় যমজ দুই কন্যাকে তিনি সঙ্গে নিতে চেয়েছিলেন।

কিন্তু স্বামী জাহেদ শিশুদের পায়খানা-প্রস্রাবের অসুবিধার কথা বলে তাদের বাড়িতে রেখে যেতে বলেন।

পরে স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা শিশুদের রেখে মসজিদে চলে যান।

বিকেলে বাড়িতে ফিরে তাঁরা দেখতে পান, ঘরের দরজা-জানালা সব বন্ধ রয়েছে।

পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে।

ঘটনাস্থলে পৌঁছে বাবা ও দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ কিংবা মানসিক হতাশা থেকেই জাহেদ এই ঘটনা ঘটিয়েছেন।

তিনি তাঁর দুই যমজ কন্যাসন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে ওসি উল্লেখ করেন।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও