খুঁজুন
, ,
শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

মাদকের সংবাদ প্রকাশের জেরে ফটিকছড়িতে যুবককে ছুরিকাঘাত

মাদকের সংবাদ প্রকাশের জেরে ফটিকছড়িতে যুবককে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৬, ২০:১৪

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে মো. বেলাল উদ্দিন নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে।

ছুরিকাঘাতে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে বাঁচার আকুতি জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বিবিরহাট বাজার এলাকায় দিনের বেলায় জনসমাগমপূর্ণ স্থানে এই হামলার ঘটনা ঘটে।

আহত বেলাল উদ্দিন ‘ফটিকছড়ি সংলাপ’ নামের একটি ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে কাজ করেন।

লাইভে তিনি অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার জেরে তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে।

ফটিকছড়ি উত্তর রাঙ্গামাটিয়া এলাকার কসাই শামসু নামের এক ব্যক্তির ভাই তাঁকে এই ছুরিকাঘাত করেছেন বলে তিনি জানান।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

সচেতন মহলের মতে, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আইনগতভাবে মোকাবিলা করার সুযোগ রয়েছে।

কিন্তু প্রকাশ্যে ছুরিকাঘাত করে কাউকে গুরুতর আহত করার অধিকার কারও নেই জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, তবে এভাবে ছুরিকাঘাত করার অধিকার কারও নেই বলে তিনি উল্লেখ করেন।

বিষয়টি খতিয়ে দেখে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

অন্যদিকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম জানান, আহত বেলাল উদ্দিনের চিকিৎসা চলছে।

প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হতে পারে বলে এই চিকিৎসক উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও