খুঁজুন
, ,
রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

ফেসবুক পোস্টের জেরে রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত

ফেসবুক পোস্টের জেরে রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক
রাউজান · ১৫ নভেম্বর ২০২৬, ০০:৪৭

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের জেরে চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাউজানের নোয়াপাড়া পথেরহাট বাজারের আমির মার্কেটে এই ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত ওই ব্যবসায়ীর নাম মুরাদ এবং তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

তিনি নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া গ্রামের শামশুল আলম সওদাগরের ছেলে।

মুরাদ আমির মার্কেটের ১ নম্বর গলিতে অবস্থিত ‘মৌসুমী স্টোর’ নামের একটি কাপড় ও কসমেটিকসের দোকানের মালিক।

এই হামলায় অভিযুক্ত যুবকের নাম মোহাম্মদ সাব্বির (৩৫), তিনি একই গ্রামের মো. শফির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে সাব্বির ব্যবসায়ী মুরাদকে ধাওয়া করেন।

এ সময় প্রাণ বাঁচাতে তিনি মার্কেটের ১ নম্বর গলির ‘মা কসমেটিকস অ্যান্ড গিফট হাউস’ নামের একটি দোকানে আশ্রয় নেন।

সেখানে ঢুকেই ওই যুবক মুরাদের পেটে ছুরিকাঘাত করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ছুরিকাঘাতের পর হামলাকারী মোবাইল ফোনে ধারণ করা ছবি ও ভিডিও মুছে ফেলার জন্য হুমকি দিচ্ছেন।

এ সময় স্থানীয় ব্যবসায়ীরা তাঁকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

পরে লোকজন জড়ো হতে থাকলে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মুরাদকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনার পর নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও