লোহাগাড়ার আধুনগর ইউপিতে প্রশাসক ও তিন সদস্য নিয়োগ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের মেয়াদোত্তীর্ণ হওয়ায় পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য একজন প্রশাসক ও তিন সদস্য নিয়োগ দিয়েছে সরকার।
স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক অনুমোদনের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন বিভাগের সিনিয়র সহকারী সচিব আতীকুল ইসলাম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৮ ধারার উপধারা (১) ও (২) অনুযায়ী আধুনগর ইউনিয়ন পরিষদের মেয়াদোত্তীর্ণ হওয়ার পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক ও সদস্য নিয়োগের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা (প্রশাসক) এবং দক্ষিণ হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খালেদুল ইসলাম (সদস্য)।
এ ছাড়া আধুনগর ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার উদ্দিন এবং সাতগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুল কান্তি বড়ুয়া সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসক ও সদস্যরা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে সর্বোচ্চ ১২০ দিন পর্যন্ত এই দায়িত্ব পালন করতে পারবেন।
তবে আদালতের নির্দেশনা বা অন্য কোনো কারণে নির্বাচিত পরিষদ গঠন সম্ভব হলে বিধি অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে এই নিয়োগ বাতিল করা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এই নিয়োগের ফলে আধুনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় নতুন দায়িত্বপ্রাপ্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।





আপনার মতামত লিখুন