রাউজানে ফেসবুক পোস্টের জেরে ছুরিকাঘাত, মিলল অস্ত্রভান্ডার

জমি নিয়ে বিরোধ ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী মো. সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পটিয়াপাড়ায় বসতবাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বিগত সরকারের আমলে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে সাব্বিরের কিছু ছবি মুরাদের ভাই মানিকের কাছে ছিল।
এসব ছবি ব্যবহার করে মানিক সামাজিক যোগাযোগমাধ্যমে সাব্বিরকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে পোস্ট দিয়ে আসছিলেন।
এ ছাড়া মুরাদের চাচা টিবলুর কাছ থেকে চার শতক জমি কিনে ঘর নির্মাণ করতে গেলে সাব্বিরের সঙ্গে মুরাদের পরিবারের বিরোধের সৃষ্টি হয়।
এই বিরোধের জেরে গত ১৪ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে নোয়াপাড়া ইউনিয়নের আমিন মার্কেটের মা স্টোর নামের একটি দোকানে সাব্বির ও মানিকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়।
একপর্যায়ে মানিক ঘটনাস্থল থেকে সরে গেলে সাব্বির তাঁর ভাই মুরাদের ওপর হামলা চালান এবং তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান।
আহত ব্যবসায়ী মুরাদ রাউজানের পটিয়াপাড়া গ্রামের শামসুদ্দিন সওদাগরের ছেলে।
এই ঘটনার পর গত ১৫ নভেম্বর রোববার দুপুরে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের মণ্ডলের ঘাটা এলাকা থেকে অভিযুক্ত সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি, একটি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে পটিয়াপাড়ায় তাঁর বসতবাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় রান্নাঘরের সানসেটের ওপর একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে আরও একটি এলজি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া একটি টিপ চাকু দিয়েই মুরাদকে ছুরিকাঘাত করা হয়েছিল।
সব মিলিয়ে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি দেশীয় তৈরি এলজি, একটি রিভলবার, সাতটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, গ্রেপ্তার সাব্বিরের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে মোট ছয়টি মামলা রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।





আপনার মতামত লিখুন