খুঁজুন
, ,
মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ফাঁদ পেতে মাদকসহ কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ফাঁদ পেতে মাদকসহ কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
হাটহাজারী · ১৬ নভেম্বর ২০২৬, ২২:১৮

মাদকের বিরুদ্ধে প্রতিমন্ত্রীর ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারীতে ফাঁদ পেতে এক কারবারিসহ তিনজনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেট এলাকা এবং ফতেপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেট এলাকায় ফাঁদ পেতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুরুল হুদা (৪০) নামের এক কারবারিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার নুরুল হুদা হাটহাজারী পৌরসভার ফটিকা কামাল পাড়ার আবদুস সালামের ছেলে।

পরে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের নেতৃত্বে সেখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য সেবন, সংরক্ষণ ও ব্যবহারের মাধ্যমে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আসামি নুরুল হুদাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া একই দিন উপজেলার ফতেপুর ইউনিয়ন এলাকায় পৃথক আরেকটি অভিযান চালানো হয়।

ওই অভিযানে মাদক সেবনের অপরাধে ফতেপুর ইউনিয়নের আবদুল খালেকের ছেলে মো. মিজান (৩২) এবং একই ইউনিয়নের শেখ আহমদের ছেলে মো. সামি (২৭) নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি মিজান ও সামিকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্টে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান সোমবার রাত সাড়ে ৯টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মাদকের বিরুদ্ধে প্রতিমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণা বাস্তবায়ন এবং একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও