বাঁশখালীর ‘পঙ্গু সেতু’: নিচে দাঁড়ালেই দেখা যায় আকাশ
পাটাতনজুড়ে ফাঁক, কাঠ বিছিয়ে চলছে পারাপার

সেতুর নিচে দাঁড়িয়ে মাথা তুললে চোখে পড়ে খোলা আকাশ।
কথাটি কোনো কবির নয়। বাঁশখালীর মৎস্যজীবী নুরুল হুদার। জলকদর খালের ওপর দাঁড়িয়ে থাকা পুঁইছড়ি-ছনুয়া বেইলি সেতুর দিকে তাকিয়ে ক্ষোভ নিয়ে তিনি বললেন, ‘এই সেতুর নিচে দাঁড়িয়ে ওপরে তাকালেই আসমান দেখা যায়।’
১৩০ মিটার দীর্ঘ এই সেতু ছনুয়া ও পুঁইছড়ি ইউনিয়নের লক্ষাধিক মানুষের যোগাযোগের অন্যতম ভরসা। অথচ স্থানীয়রা এখন এর নাম দিয়েছেন ‘পঙ্গু সেতু’।
লবণাক্ততার ক্ষয়, দীর্ঘ অবহেলা আর সংস্কারের অভাবে সেতুর পাটাতনের বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। যানবাহন চলা তো দূরের কথা, পায়ে হেঁটে পার হওয়াও এখন জীবন হাতে নিয়ে চলার শামিল।
নোনা বাতাসে খেয়েছে লোহা
স্থানীয় সূত্রে জানা যায়, রাজাখালী আরবশাহ্ বাজারের উত্তরে সেতুটি নির্মিত হয় ২০০৬ সালে, তৎকালীন বিএনপি সরকারের আমলে।
এর ওপর দিয়ে নিয়মিত চলত লবণবোঝাই ট্রলি। সেই ভারে একটু একটু করে ক্ষতিগ্রস্ত হতে থাকে পাটাতন।
২০১৭ সালে বাঁশখালী উপজেলা পরিষদের উদ্যোগে একবার সংস্কার হয়। কিন্তু উপকূলের নোনা পরিবেশ সেই মেরামত বেশিদিন টিকতে দেয়নি। কয়েক বছরের মধ্যেই লোহার পাটাতনে মরিচা ধরে, ফিরে আসে আগের বেহাল দশা।
তারপর পেরিয়ে গেছে দীর্ঘ সময়। গুরুত্বপূর্ণ সেতুটি আর স্থায়ী সংস্কারের মুখ দেখেনি।
সরেজমিনে দেখা যায়, সেতুর প্রায় ৯৫ শতাংশ পাটাতন নষ্ট। কোথাও পাটাতন নেই, কোথাও ভাঙা অংশে তৈরি হয়েছে গভীর ফাঁক।
এক পাশে কাঠ বিছিয়ে কোনোরকমে হাঁটার পথ করা হয়েছে। অন্য পাশে শুধু মরিচাধরা লোহার কাঠামো, যার ফাঁক গলে অনায়াসে পা ঢুকে যায়। দুই প্রান্তের সংযোগস্থল থেকেও সরে গেছে মাটি।
সামান্য অসতর্কতাই এখানে ডেকে আনতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
তবু এই পথেই প্রতিদিন পার হন দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ। তাঁদের বড় একটি অংশ শিক্ষার্থী।
রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, রাজাখালী বিইউআই ফাজিল মাদ্রাসা, পুঁইছড়ি মদিনাতুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা, পুঁইছড়ি কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় ও ছনুয়া ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত এই সেতু দিয়েই।
পাটাতনের ফাঁকে আটকে যায় পা
সম্প্রতি সেতু পার হতে গিয়ে রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর পা আটকে যায় নষ্ট পাটাতনের ফাঁকে। গুরুতর আহত হয় সে।
স্থানীয় বাসিন্দা শামসুল আলম বলেন, ‘ঘটনার পর থেকে মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে।’
তিনি আরও জানান, কিছুদিন আগে পুঁইছড়ির পণ্ডিতকাটা গ্রামের এক ছেলে মাথায় লাকড়ির বোঝা নিয়ে সেতু পার হচ্ছিল। পা ফসকে পড়ে যায় সে।
বিপদ শুধু মানুষের নয়। স্থানীয় বাসিন্দা রেজাউল করিম পুতু বলেন, ‘ওপারে রাজাখালী আরবশাহ্ বাজার। কোরবানির গরু নিয়ে যাওয়ার সময় এই সেতুতে অনেক গরু আহত হয়েছে। পা ফসকে পাটাতনের ফাঁকে আটকে গেছে অসংখ্য গরু।’
তাঁর কথায় সবচেয়ে কষ্টের ছবিটা প্রসূতি মায়েদের। ‘প্রসূতি মায়েদের এই সেতু পার হতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়,’ বলেন তিনি।
একের পর এক এমন ঘটনার পরও সংস্কারের কার্যকর উদ্যোগ আসেনি। এলাকাবাসী বারবার ধরনা দিয়েছেন জনপ্রতিনিধিদের কাছে।
ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবীও এই দৌড়ঝাঁপ নিজে করেছেন। তিনি বলেন, ‘সেতুটির বিষয়ে আমি উপজেলা এলজিইডি অফিসে গিয়ে বহুবার ধরনা দিয়েছি। প্রতিবারই সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে পরিদর্শন করেন, মাপঝোঁক করেন। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আমার এলাকার মানুষের কষ্টের সীমা ছাড়িয়ে গেছে।’
এ বিষয়ে বাঁশখালী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইফরাদ বিন মুনীর বলেন, ‘বেইলি সেতুর কোনো প্রকল্প বর্তমানে চালু নেই। ওই জায়গায় একটি নতুন সেতু নির্মাণের জন্য আমি মন্ত্রণালয়ে প্রাক্কলন প্রস্তুত করে পাঠিয়েছি।’
তিনি জানান, বাঁশখালী থেকে গুরুত্বপূর্ণ মোট পাঁচটি সেতুর তালিকা পাঠানো হয়েছে, তার মধ্যে এই সেতুও আছে। ‘আশা করি ডিপিপি পাস হয়ে আসবে,’ বলেন তিনি।
কিন্তু সেই ডিপিপি কবে পাস হবে, নতুন সেতুর কাজ কবে শুরু হবে, তার নির্দিষ্ট সময় কেউ বলতে পারছেন না।
সরকারি উদ্যোগ যখন কাগজে আটকে, তখন সেতুতে হাঁটার মতো যেটুকু পথ আছে, সেটি এক ব্যক্তির নিজের টাকায় গড়া। ছনুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, ‘গত বছর আমি ব্যক্তিগত অর্থায়নে কাঠ দিয়ে সেতুটির এক পাশ জনসাধারণের চলাচলের উপযোগী করে দিয়েছিলাম।’
আপাতত সেই কয়েক সারি কাঠের তক্তাই দুই ইউনিয়নের হাজারো মানুষের ভরসা। সঙ্গে প্রতিটি পদক্ষেপে নিজের সাবধানতা।





আপনার মতামত লিখুন