পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ছয় পুলিশ সদস্য আহত
দুমড়েমুচড়ে গেছে টহল গাড়ি; আহত ব্যক্তিদের মধ্যে শফিক ও রানার অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের একটি টহল গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকার চিনকি আস্তানায় বাবুর তেলের দোকানের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে টহল গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং গাড়িতে থাকা ছয় পুলিশ সদস্য আহত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ এলিট পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-০৩৫৮) পেছন থেকে পুলিশের টহল গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা উপপরিদর্শক (এসআই) মিল্টন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সালাহ উদ্দিন, কনস্টেবল শফিক ও কনস্টেবল রানা এবং আরিফ ও সাফায়েত নামের আরও দুই পুলিশ সদস্য আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে শফিক ও রানার অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত কনস্টেবল শফিককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, দুর্ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





আপনার মতামত লিখুন