বন্দর ও গভীর সমুদ্রবন্দর ঘিরে বদলে যাবে চট্টগ্রামের অর্থনৈতিক চিত্র: অর্থমন্ত্রী
নগরের পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী মেলার উদ্বোধন; ৮০ বিলিয়ন ডলারের আইজিএনডি প্রকল্পের সিংহভাগ বাস্তবায়িত হবে চট্টগ্রাম ঘিরে; সিটি গভর্নমেন্ট পুনর্বহাল ও কাস্টমস জটিলতা নিরসনের দাবি

চট্টগ্রামের সম্ভাবনাকে কেবল বাণিজ্যিক রাজধানীর পরিচয়ে সীমাবদ্ধ না রেখে পুরো বাংলাদেশের অর্থনৈতিক ও লজিস্টিকস হাবে পরিণত করার পরিকল্পনা নিয়েছে সরকার—এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ ও পূর্ণাঙ্গ সমর্থনে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, গভীর সমুদ্রবন্দর নির্মাণ, চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং কার্গো ভিলেজ ও কোল্ড চেইন সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামের উন্নয়ন মানেই সমগ্র দেশের উন্নয়ন।
আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
চট্টগ্রাম ঘিরে বড় উন্নয়ন পরিকল্পনা
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মহেশখালীসহ দেশের কয়েকটি স্থানে গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম ও খুলনাকেন্দ্রিক এনার্জি হাব প্রতিষ্ঠার মাধ্যমে সমগ্র অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো হবে। চট্টগ্রাম বিমানবন্দরসহ অবকাঠামো খাতের সম্প্রসারণ ও লজিস্টিকস খাতের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়ন রয়েছে। এডিবি ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টের আওতায় ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (আইজিএনডি) প্রকল্পের অধীনে দেশব্যাপী প্রায় ৮০ বিলিয়ন ডলারের যে বৃহৎ উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে, তার সিংহভাগই বাস্তবায়িত হবে চট্টগ্রামকে ঘিরে।
বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে পরিকল্পনা চূড়ান্ত হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে জ্বালানি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে। সরকারের নেওয়া এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরিত হবে।
তিনি আরও বলেন, অর্থনৈতিক উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অর্থনীতির গণতন্ত্রীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উন্নয়নের সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
সিটি গভর্নমেন্ট, কাস্টমস ও যোগাযোগ নিয়ে দাবি
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন জায়গায় অগ্নিসন্ত্রাস হচ্ছে; তবে চট্টগ্রামকে নিরাপদ রাখা হবে। ব্যবসাবান্ধব নগরী গড়তে গত দুই বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়নকাজ করা হয়েছে। এ ছাড়া নগরীকে পর্যটনবান্ধব করতে সাইকেল ট্র্যাক তৈরি করা হয়েছে।
১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত চট্টগ্রামে সিটি গভর্নমেন্ট ব্যবস্থা চালু ছিল উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার তা বন্ধ করে দেয়। সিটি গভর্নমেন্ট বাস্তবায়িত হলে যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে সিটি করপোরেশন। চট্টগ্রাম নগরকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করতে সিটি গভর্নমেন্ট পুনরায় বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীর সহায়তা কামনা করেন তিনি।
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, বর্তমান সরকার ব্যবসা-বাণিজ্যকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও যাতে ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সেই লক্ষ্যে কাজ করছে জনগণের নির্বাচিত বিএনপি সরকার।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, সরকার বাণিজ্য সহজীকরণে (ট্রেড ফ্যাসিলিটেশন) কাজ করে গেলেও ব্যবসায়ীরা কাস্টমসসংক্রান্ত নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন। তিনি কাস্টমস জটিলতা নিরসন এবং চট্টগ্রাম বিমানবন্দর রাত ১০টার পরও যেন বন্ধ হয়ে না যায়, সে জন্য বিমানবন্দরকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার সরকারি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরে ব্যবসায়ীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
চেম্বারের সাবেক সভাপতি প্রকৌশলী আলী আহমেদ বলেন, ১৯৯৩ সালের তিন দিনের মেলা এখন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পরিণত হয়েছে। তিনি ঢাকা-চট্টগ্রামের যোগাযোগ সময় দুই থেকে আড়াই ঘণ্টা কমিয়ে আনতে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের লাকসাম-নারায়ণগঞ্জ কর্ডলাইন স্থাপন এবং বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী বলেন, ঢাকার বাণিজ্য মেলার নির্দিষ্ট ভেন্যু থাকায় প্রতিবছর একই সময়ে মেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামেও যাতে নির্দিষ্ট সময়ে পলোগ্রাউন্ড মাঠে মেলা আয়োজন করা যায়, সে লক্ষ্যে অর্থমন্ত্রীর সহায়তা চান তিনি।
চেম্বারের সহসভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন উল্লেখ করেন, চট্টগ্রামে যেসব সংস্থার প্রধান কার্যালয় রয়েছে, সেগুলোর কর্তারা বসেন ঢাকায়। চট্টগ্রামকে বাণিজ্যিক ও বিনিয়োগ হাবে পরিণত করতে হলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সক্ষমতা বাড়াতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই।
মেলা কমিটির চেয়ারম্যান এস এম সাইফুল আলম মেলার সার্বিক বৈশিষ্ট্য তুলে ধরে বক্তব্য দেন। তিনি চট্টগ্রাম বাণিজ্য মেলার কলেবর ও নান্দনিকতা আরও বাড়াতে প্রশাসন ও ব্যবসায়ীদের অধিকতর সক্রিয় সহযোগিতা কামনা করেন।
উপস্থিত ছিলেন যাঁরা
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক সভাপতি ও মেলা কমিটির উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, বর্তমান পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির (ছুট্টু), আবু হায়দার চৌধুরী (আমজাদ), প্রকৌশলী মো. গোলাম সরওয়ার, আসাদ ইফতেখার, মোহাম্মদ হাবিবুর রহমান, ক্যাপ্টেন মো. আলাউদ্দিন আল আজাদ, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, সরোয়ার আলম খান, শহীদুল আলম, মোহাম্মদ শফিউল আলম (বাদশা) ও মো. সেলিম নুর।
এ ছাড়া চেম্বারের সাবেক সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি, সহসভাপতি ও সাবেক পরিচালকেরা এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনসহ ব্যবসায়ী নেতা, কূটনীতিক ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা পলোগ্রাউন্ড মাঠে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
আরও পড়ুন: লোহাগাড়ার বেহাল সড়কের কথা সংসদে তুললেন প্রতিমন্ত্রী





আপনার মতামত লিখুন