খুঁজুন
, ,
শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

ফটিকছড়ির হেয়াঁকো বাজারে আগুনে পুড়ল দুই দোকান

ফটিকছড়ির হেয়াঁকো বাজারে আগুনে পুড়ল দুই দোকান
নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়ি · ২৭ নভেম্বর ২০২৬, ১৪:০৮

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেয়াঁকো বাজারে গভীর রাতে লাগা আগুনে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে হেয়াঁকো বনানী স্কুলসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে দোকানঘরের কাঠামো ও ভেতরের মালামালসহ অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।

পুড়ে যাওয়া দোকান দুটির মধ্যে একটি চায়ের ও অন্যটি স্টেশনারি দোকান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত একটার দিকে একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। দোকান দুটি টিন ও কাঠের তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন এবং পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দুটি দোকান ও ভেতরের সব মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত চায়ের দোকানি শফিউল্লাহ জানান, তাঁর দোকানে থাকা চেয়ার-টেবিল, তিনটি গ্যাস সিলিন্ডারসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। এতে তাঁর দেড় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। অন্যদিকে পাশের স্টেশনারি দোকানটির একটি রেফ্রিজারেটরসহ ভেতরের সব মালামাল পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দোকানঘরের মালিক মোহাম্মদ ইউসুফ বলেন, দোকানঘর ও মালামাল মিলিয়ে অগ্নিকাণ্ডে তাঁদের আনুমানিক পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় দাতমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. কামাল উদ্দিন বলেন, গভীর রাতের আগুনে দোকান দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে দরিদ্র ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক সংকটে পড়লেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ফটিকছড়িতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও