সাতকানিয়ায় জমি কিনে দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রামের সাতকানিয়ায় জমি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় এক কোটি টাকা নেওয়ার পর জমি বুঝিয়ে না দেওয়া, দখলচেষ্টা ও হুমকি-ধমকির অভিযোগ উঠেছে আব্দুস সালাম ও তাঁর ছেলে নাজিম উদ্দিনের বিরুদ্ধে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জমির বৈধ ভোগদখল নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জমির ক্রেতারা।
শনিবার বেলা ১১টার দিকে কেরানীহাটের হোটেল আল আকসায় আয়োজিত সংবাদ সম্মেলনে জমির মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোয়াজরপাড়ার বাসিন্দা ও প্রবাসী মো. শাহজাহান। এ সময় জমির মালিকদের মধ্যে লিয়াকত আলী, খোরশেদ আলম ও মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মো. শাহজাহান অভিযোগ করেন, সাতকানিয়ার উত্তর ঢেমশা মৌজায় কেরানীহাটের উত্তরে গরুর বাজারসংলগ্ন জমি মূল মালিকের কাছ থেকে কিনে বুঝিয়ে দেওয়া ও রেজিস্ট্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আব্দুস সালাম বিভিন্ন সময়ে একাধিক চুক্তির মাধ্যমে তাঁদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা নেন। তবে টাকা নেওয়ার পর জমি বুঝিয়ে না দিয়ে উল্টো জমি ও ভবন দখলে রাখার চেষ্টা করছেন। পাশাপাশি জমির বাকি অংশ রেজিস্ট্রি ও তাঁদের ভোগদখলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৩ সালের ৮ জানুয়ারি সিরাজুল ইসলাম চৌধুরী ও বৈধ আমমোক্তারনামাধারীদের কাছ থেকে ১৫১ ও ১৫২ নম্বর দলিলমূলে ১৬ শতক জমি কেনেন তাঁরা। পরে ওই জমির ৪৬২৮ নম্বর বিএস নামজারি খতিয়ানও সৃজন করা হয়। এ ছাড়া ২০২৩ সালের মে মাসে ওই জায়গায় একটি টাইলসের দোকান করার জন্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে দুই বছরের জন্য মালিকদের পক্ষে ভাড়া দেন লিয়াকত আলী। ভাড়াটিয়ার কাছ থেকে এক মাস ভাড়া নেওয়ার পর দ্বিতীয় মাসে ভাড়া আনতে গেলে আব্দুস সালাম ও তাঁর ছেলে নাজিম উদ্দিনের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, নাজিম উদ্দিন এলাকায় যুবলীগ ক্যাডার হিসেবে পরিচিত। বিএনপির নেতা-কর্মীদের মিছিলে অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনায় করা মামলার আসামি তিনি। আওয়ামী লীগ সরকারের আমল থেকেই নাজিম উদ্দিন এসব পরিচয় ও প্রভাব ব্যবহার করে তাঁদের ভয়ভীতি দেখিয়ে আসছেন।
মো. শাহজাহান বলেন, ‘আব্দুস সালাম পরিবার-পরিজন নিয়ে অর্থের অভাবের কথা বলে আমাদের কাছ থেকে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। বিনিময়ে তিনি জমিগুলো মূল মালিকের কাছ থেকে কিনে দেওয়ার চুক্তিবদ্ধ হন। টাকা নেওয়ার পর আব্দুস সালাম ও তাঁর সহযোগীরা গত তিন-চার বছর ধরে আমাদের সঙ্গে নানা টালবাহানা ও হয়রানি শুরু করেন। ওই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীসহ স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে আমাদের হুমকি-ধমকিও দিয়েছেন। আমরা শুধু অর্থের বিনিময়ে কেনা জমির ন্যায্য অধিকার চাই।’
সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে প্রায় এক কোটি টাকা গ্রহণ ও জমি বুঝিয়ে না দেওয়ার অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জমির দলিল ও নামজারি যাচাই, বৈধ ভোগদখল নিশ্চিত করা এবং হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অভিযোগের পক্ষে প্রয়োজনীয় দলিলপত্র ও প্রমাণ প্রশাসনের কাছে উপস্থাপন করতে তাঁরা প্রস্তুত রয়েছেন বলেও জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুস সালাম বলেন, ‘তাঁরা সংবাদ সম্মেলনে যা বলেছেন তা মিথ্যা। আমি এখন অসুস্থ।’





আপনার মতামত লিখুন