মিরসরাইয়ে ছেলের পাত্রী দেখে ফেরার পথে অটোরিকশা খালে, বাবার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের বিয়ের পাত্রী দেখে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে হেলাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর পরিবারের আরও চার সদস্য।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন নিজেই অটোরিকশাটি চালাচ্ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে হেলাল উদ্দিন তাঁর পরিবারের চার সদস্যকে নিয়ে বারইয়ারহাট থেকে আবুরহাটে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যান। পাত্রী দেখে ফেরার পথে গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছালে তাঁর চালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন হেলাল উদ্দিন। আহত হন পরিবারের অন্য চার সদস্যও।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী বলেন, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে হেলাল উদ্দিনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়। বাকি চারজন হাত ও পায়ে আঘাত পেয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ছেলের বিয়ের পাত্রী দেখে ফেরার পথে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির মরদেহ থানায় রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: মিরসরাইয়ে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার





আপনার মতামত লিখুন