বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিনভর ও শুক্রবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে জেলা, উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বাঁশখালীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঝটিকা মশাল ও পতাকা মিছিল বের করা এবং সড়কে যানবাহন ভাঙচুরসহ নাশকতার অভিযোগ রয়েছে এই নেতা-কর্মীদের বিরুদ্ধে। এসব অভিযোগে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক ও সরকারি আলাওল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউদ্দিন আকাশকে (২২) গ্রেপ্তার করা হয়। একই এলাকায় পৃথক অভিযানে ছাত্রলীগের সক্রিয় সদস্য মারুফুল ইসলাম (২১) এবং শীলকূপ ইউনিয়ন থেকে তানভীর ওরফে হাসিবুল ইসলামকে (১৮) গ্রেপ্তার করে পুলিশ।
এ ছাড়া বৃহস্পতিবার দুপুরে বৈলছড়ির পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বাঁশখালী পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলামকে (২২) গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেলে কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি হোটেল থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ হোসেনকে (২০) গ্রেপ্তার করে পুলিশের একটি দল।
অন্যদিকে শুক্রবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি ছনুয়া ইউনিয়নের আবদুল হামিদ ওরফে মানিক (২০) ছাড়াও বৈলছড়ি ইউনিয়ন থেকে মোহাম্মদ সেলিম (৩৫), বাঁশখালী পৌরসভা এলাকা থেকে বাবলু শীল (২২) ও সঞ্জীব রুদ্র (২৮) এবং ছনুয়া ইউনিয়ন থেকে নুর ইমাম শরীফকে (২৪) গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। বাঁশখালী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আরও পড়ুন: বাঁশখালীতে ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার





আপনার মতামত লিখুন