খুঁজুন
, ,
শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

বাঁশখালীতে খাসজমিতে মুরগির খামার নির্মাণের অভিযোগ

বাঁশখালীতে খাসজমিতে মুরগির খামার নির্মাণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
বাঁশখালী · ২৭ নভেম্বর ২০২৬, ১৮:৩৬

আদালতের স্থিতাবস্থার আদেশ এবং উপজেলা প্রশাসনের সরাসরি বাধা উপেক্ষা করে চট্টগ্রামের বাঁশখালীতে বিরোধপূর্ণ সরকারি জমিতে দুটি পোলট্রি (মুরগির) খামার নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেওয়ার পরও ফের ডজনখানেক শ্রমিক নিয়ে পুরোদমে নির্মাণকাজ চালানো হচ্ছে।

অভিযুক্ত ব্যক্তির নাম সাইফুল আলম (৩৫)। তিনি বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও আদালত সূত্রে জানা গেছে, পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত কয়েকটি দাগের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও একাধিক মামলা চলছে। নালিশি জমিগুলো একসময় সরকারের খাস খতিয়ানভুক্ত থাকলেও পরবর্তী সময়ে ৯টি বন্দোবস্ত দলিলের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে দেওয়া হয়েছিল। সেই বন্দোবস্তপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে ২০০৯ সালে আমমোক্তারনামা সূত্রে জমিগুলোর স্বত্ব দাবি করেন নুরুল আবছার নামের এক ব্যক্তি। এ নিয়ে বাঁশখালী যুগ্ম জেলা জজ আদালতে তিনি স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করেন। পরবর্তীতে অপর বিবাদী শাহাদাত রশিদ চৌধুরী হাইকোর্টে আপিল করলে উচ্চ আদালত বিরোধপূর্ণ ওই জমির ওপর স্থিতাবস্থার আদেশ দেন।

স্থানীয় লোকজনের অভিযোগ, আদালতের আদেশ অমান্য করে বিরোধপূর্ণ ওই জমিতে সম্প্রতি স্থাপনা নির্মাণের উদ্যোগ নেন সাইফুল আলম। সেখানে কংক্রিটের পিলার স্থাপন করে দুটি পোলট্রি খামার নির্মাণের কাজ শুরু করা হয়। অভিযোগ পেয়ে গত ১৮ নভেম্বর বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তামজীদুর রহমান ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। তবে তিনি এলাকা ছাড়ার পরপরই প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে পুনরায় কাজ শুরু করেন সাইফুল।
বাঁশখালীতে খাসজমিতে মুরগির খামার নির্মাণের অভিযোগ
অভিযোগকারী শাহাদাত রশিদ চৌধুরী বলেন, সাইফুল আলম দাবি করছেন তিনি জমিগুলো নুরুল আবছারের কাছ থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে কিনেছেন। কিন্তু সরকারি খাসজমি বা বিরোধপূর্ণ জমি স্ট্যাম্পে বিক্রির কোনো আইনি সুযোগ নেই। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে জোরপূর্বক স্থাপনা তৈরি করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে নুরুল আবছার দাবি করেন, তিনি দখলসূত্রে জমিগুলোর মালিক এবং সেখান থেকে স্ট্যাম্পের মাধ্যমে কিছু জমি সাইফুলের কাছে বিক্রি করেছেন। তবে সরকারি জমি এভাবে স্ট্যাম্পে কেনাবেচার নিয়ম আছে কি না কিংবা তিনি ঠিক কতটুকু জমি বিক্রি করেছেন, সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

অভিযোগের বিষয়ে সাইফুল আলম দাবি করেন, তিনি কোনো খাসজমিতে নয়, তাঁর বাবার বৈধ বিএস খতিয়ানভুক্ত জায়গায় খামার নির্মাণ করছেন। তাঁর কাছে সব কাগজপত্র রয়েছে। তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করে দেওয়ার পরও কেন পুনরায় নির্মাণকাজ শুরু করলেন, সে বিষয়ে কোনো উত্তর না দিয়ে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আদালতের আদেশ অমান্য করে নির্মাণকাজ অব্যাহত রাখার বিষয়ে বক্তব্য জানতে বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) মো. তামজীদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আরও পড়ুন: বাঁশখালীতে ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও