মিরসরাইয়ে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বারইয়ারহাট পৌর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ আল ইমরান (২৪) ও রাকিব আলম (২৩)। তাঁদের মধ্যে ইমরান উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেহেদীনগর এলাকার নুরুল আফসারের ছেলে এবং রাকিব একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁরা দুজনই হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বারইয়ারহাট বাজারে অভিযান চালিয়ে তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, জোরারগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি নিয়মিত মামলার তদন্তে এই দুজনের নাম ও নাশকতায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। তদন্তে অভিযুক্ত হিসেবে চিহ্নিত হওয়ার পর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৫





আপনার মতামত লিখুন