খুঁজুন
, ,
শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস ডিপোতে ডাকাতি, নগদ টাকাসহ মালামাল লুট

সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস ডিপোতে ডাকাতি, নগদ টাকাসহ মালামাল লুট
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৬, ১৮:২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে একটি এলপিজি গ্যাস ডিপোর নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা সাদা বোরকা ও হিজাব পরে ডিপোতে ঢুকে নগদ পাঁচ লাখ টাকাসহ বিপুল পরিমাণ তামার তার ও মালামাল লুট করে নিয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বাড়বকুণ্ড বেড়িবাঁধ এলাকায় অবস্থিত ‘ইউরো গ্যাস এলপিজি ডিপো’তে এ ঘটনা ঘটে।

ডিপো কর্তৃপক্ষের দাবি, নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল খোয়া গেছে। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে নগদ পাঁচ লাখ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটের তথ্য পাওয়া গেছে। ডাকাতদের হামলায় ডিপোর দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তাঁরা হলেন মো. ইকবাল হোসেন ও মো. সদর উদ্দিন।

প্রত্যক্ষদর্শী ও ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে একদল অস্ত্রধারী ডাকাত সীমানাপ্রাচীর পেরিয়ে ডিপোর ভেতরে প্রবেশ করে। ডাকাতদের প্রায় সবার পরনে ছিল সাদা বোরকা ও হিজাব, কয়েকজনের পরনে ছিল লুঙ্গি ও প্যান্ট। তারা শুরুতেই কর্তব্যরত দুই নিরাপত্তাকর্মীকে মারধর করে একটি কক্ষে হাত-পা বেঁধে আটকে রাখে। এরপর তারা বাইরের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে এবং কয়েকটি ক্যামেরা ভেঙে ফেলে।

পরে ডাকাতেরা ভারী কাটার দিয়ে বিভিন্ন কক্ষ ও স্টোররুমের দরজার তালা কেটে ভেতরে ঢোকে। তারা মূল কার্যালয়ের আলমারি ভেঙে নগদ পাঁচ লাখ টাকা এবং গুদামে থাকা বিপুল পরিমাণ বৈদ্যুতিক তামার তার লুট করে নিয়ে যায়। সরেজমিনে ডিপোতে গিয়ে দেখা যায়, কার্যালয়ের ভেতরের আলমারিগুলো ভাঙা এবং প্রয়োজনীয় নথিপত্র ও মালামাল মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

ইউরো গ্যাস এলপিজি ডিপোর ব্যবস্থাপক মো. তৌহিদুল মান্নান বলেন, ডাকাতির ধরন দেখে এটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। ভেতরের তথ্য জানে এমন কোনো চক্র এর সঙ্গে জড়িত থাকতে পারে। ডাকাতেরা নগদ পাঁচ লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুট করেছে। এতে তাদের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।

খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা-পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ডিপোর সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজে বোরকা পরা ব্যক্তিদের ভেতরে প্রবেশের দৃশ্য দেখা গেছে। কারখানা কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, নগদ পাঁচ লাখ টাকা ছাড়াও আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের দুই থেকে আড়াই টন তামার তার নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে বিএম ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও