খুঁজুন
, ,
শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আরিফ গ্রেপ্তার

সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আরিফ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়া · ২৭ নভেম্বর ২০২৬, ২১:২৯

চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক আরিফ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বিকেলে উপজেলার ডলু সেতুর পশ্চিম পাশের এলাকা থেকে সাতকানিয়া থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আরিফ উদ্দিন চৌধুরী সাতকানিয়া সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া নবীনপাড়া এলাকার নাছির চৌধুরীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাতকানিয়া উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা আকস্মিক একটি মিছিল বের করেন। ওই মিছিলকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ জানায়, মিছিলটির অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কেন্দ্রীয় নেতা আরিফ উদ্দিন চৌধুরী। ঘটনার পর থেকেই তাঁকে গ্রেপ্তারে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছিল।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল বের করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে আরিফ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। শনিবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন: মিরসরাইয়ে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও