খুঁজুন
, ,
শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

পুলিশের টেবিল নাকি রায়হানের বিদ্রূপ: সত্য কোনটা?

থানা থেকে লুট হওয়া দেড় শ বিদেশি অস্ত্র এখনো নিখোঁজ। টেবিলে উঠছে দেশি বন্দুক।

পুলিশের টেবিল নাকি রায়হানের বিদ্রূপ: সত্য কোনটা?
২৮ নভেম্বর ২০২৬, ১৮:৫১

পুলিশের সংবাদ সম্মেলনের টেবিলে সাদা কাপড় বিছিয়ে সাজানো ছিল সব। প্রতিটি জিনিসের সামনে ছোট সাদা লেবেল।

এক প্রান্তে কালো ধাতব পিস্তল, বাঁটে সোনালি নকশা। লেবেলে লেখা, ইতালির তৈরি ৭.৬৫ এমএম। তার পাশে একটি একনলা বন্দুক, তারপর তারার আকারে সাজানো পিস্তলের গুলি আর রঙিন শটগানের কার্তুজ।

অন্য প্রান্তে স্তূপ করে রাখা যন্ত্রপাতি। দুটি অসমাপ্ত কাঠের বাঁট, গ্রাইন্ডার, ড্রিল মেশিন, কাটিং ডিস্ক, রেত আর প্লায়ার্স।

এক দিন পর ফেসবুকে সেই টেবিলের দিকে আঙুল তুললেন তিনি, যাঁকে ধরতেই এত আয়োজন। ‘আমি এইরকম বাংলা মাল ব্যবহার করি না। বাংলা অস্ত্রে হাত ছিঁড়ে যায়।’

কথাটি একজন পলাতক সন্ত্রাসীর বড়াই হতে পারে, আবার নিজেকে আড়াল করার কৌশলও হতে পারে। তবে চট্টগ্রামের উত্তরাঞ্চলের গত দুই বছরের হিসাব পাশে রাখলে কথাটি একটি অস্বস্তিকর প্রশ্ন সামনে আনে। সন্ত্রাসীদের হাতে আসলে কী অস্ত্র আছে, আর তার কতটুকু পুলিশের উদ্ধার তালিকায় উঠছে?

টেবিলে যা ছিল

জেলা পুলিশের দাবি, অভিযানে একটি ইতালির তৈরি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২২ রাউন্ড পিস্তলের গুলি, একটি একনলা বন্দুক, ১২ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে।

পুলিশ সুপার মাসুদ আলমের ভাষ্য, ২৩ নভেম্বর হাজীরখিল কোদালিয়া টিলায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলে। সেখানে পাওয়া যায় অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, ড্রিল ও গ্রাইন্ডার মেশিনসহ বিভিন্ন উপকরণ।

পুলিশের দাবি, রায়হানের সহযোগীরা ওই ঘরে অবস্থান করে অস্ত্র তৈরির কাজ করতেন।

গ্রেপ্তার হয়েছেন ছয়জন: এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), ইকতিয়ার ফরহাদ (২০), মহররম আলী (২৮), জনার্ধন দে (৬৫) ও জাবেদ হোসেন (২৫)।

রায়হানের জবাব এসেছে ফেসবুকে। তাঁর দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের তিনি চেনেন না। তাঁর ভাষায়, ‘এরা না আমাকে চিনে, না আমি উনাদের চিনি।’ তিনি আরও লেখেন, শুধুমাত্র শাক দিয়ে মাছ ঢাকার জন্য এই কাজ।

যে প্রশ্নের উত্তর মেলেনি

পুলিশ কিংবা রায়হান, কারও দাবিই এখনো স্বাধীনভাবে যাচাই হয়নি। তবে পুলিশের নিজের বয়ানেই কয়েকটি জায়গা ফাঁকা রয়ে গেছে।

প্রথম প্রশ্ন কারখানা নিয়ে। পুলিশের দাবি, কোদালিয়া টিলার ঘরে রায়হানের সহযোগীরা ওই ঘরে অবস্থান করে অস্ত্র তৈরির কাজ করতেন। কিন্তু ঘরটি কার, সেখানে কে থাকতেন, পুলিশ তা জানায়নি।

দ্বিতীয় প্রশ্ন অটোরিকশাচালক জাবেদ হোসেনকে নিয়ে। পুলিশ তাঁকে রায়হানের সহযোগী বলছে। জাবেদের দাবি, নাজিরহাটের ঝংকার মোড় থেকে সুয়াবিলের শোভনছড়ি যাওয়ার কথা বলে পাঁচজন অপরিচিত ব্যক্তি তাঁর অটোরিকশা ভাড়া করেন।

তৃতীয় প্রশ্ন ৬৫ বছর বয়সী জনার্দন দে-কে নিয়ে। পুলিশ বলছে, তিনি রায়হান ও এজাহার মিয়ার সহযোগী। তাঁর কাছে আরও একটি পিস্তল থাকার তথ্য পেলেও সেটি অন্যত্র হস্তান্তর করায় উদ্ধার করা যায়নি। পিস্তলটি কার কাছে গেল, তা জানানো হয়নি।

চতুর্থ প্রশ্ন সবচেয়ে বড়। পুলিশের ভাষ্য, রায়হান আত্মগোপনে থাকার সময় পিস্তলটি মহররম আলীর কাছে রেখে যায়। একজন পলাতক শীর্ষ সন্ত্রাসী অভিযানের মধ্যে নিজের অস্ত্র অন্যের ঘরে রেখে কেন পালাবেন, তার কোনো ব্যাখ্যা পুলিশ দেয়নি।

অভিযানের তথ্য বাহিনীর ভেতর থেকে ফাঁস হচ্ছে, এমন অভিযোগও উঠেছে। এসপি তা উড়িয়ে দিয়েছেন। তাঁর ভাষ্য, সন্ত্রাসীরা গ্রেপ্তার এড়াতে নানা কৌশল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ায়।

টেবিলের বাইরের অস্ত্রভান্ডার

রায়হানের বড়াই সত্যি হোক বা না হোক, চট্টগ্রামের সন্ত্রাসী দলগুলোর হাতে যে আধুনিক অস্ত্র আছে, তার প্রমাণ অনেক।

২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম নগরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৯৪৮ আগ্নেয়াস্ত্রের ১৫৫টি বিদেশি, সেগুলো এখনো উদ্ধার করা যায়নি। পুলিশ নিজেই বলছে, এসব অস্ত্র দিয়ে খুন, ছিনতাই, চাঁদাবাজি প্রভৃতি অপরাধ সংঘটিত হচ্ছে।

রায়হান যে বাহিনীর লোক বলে পুলিশের দাবি, সেই বড় সাজ্জাদের দলের তিন সদস্যকে নগরে ধরা হয়েছিল। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় একটি সাবমেশিনগান (এসএমজি), ব্রাজিলের তৈরি ৯ এমএম টরাস পিস্তল ও পয়েন্ট ৩২ বোরের একটি বিদেশি রিভলবার।

এ মাসের ৪ তারিখেও দেখা গেছে একই চিত্র। সাজ্জাদ বাহিনীর সদস্য বলে পরিচিত বুলেট হৃদয় অন্তত আটটি অত্যাধুনিক বিদেশি পিস্তল দেখিয়ে ‘ডিজিটাল মহড়া’ দেয়। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশ জানায়, মহড়ায় দেখানো অস্ত্রের উৎস খোঁজা হচ্ছে।

পুলিশের হিসাবে, কেবল সাজ্জাদের দলেই রয়েছে অন্তত ৫০ জন প্রশিক্ষিত শুটার।

অথচ রায়হানের লোক বলে যাঁরা ধরা পড়েছেন, তাঁদের কাছ থেকে প্রায়ই মিলেছে দেশি অস্ত্র। সেপ্টেম্বরের শেষে রাউজানে তাঁর তিন কথিত সহযোগীর কাছে পাওয়া যায় একটি দেশি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও ধারালো অস্ত্র।

বিদেশি অস্ত্র চট্টগ্রামে কোন পথে আসে, তার একটি পুরোনো সূত্রও আছে। ২০২২ সালে চট্টগ্রাম কাস্টমস ইতালি থেকে আসা একটি পার্সেলে দুটি পিস্তল ও ৬০ রাউন্ড কার্তুজ জব্দ করেছিল। প্রেরকের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে। ফটিকছড়িতে উদ্ধার হওয়া রায়হানের পিস্তলটিও ইতালির তৈরি।

চুঁরখারহাটের ছররা গুলি

তবে রায়হানের দাবির সঙ্গেও একটি তথ্য মেলে না।

২৩ নভেম্বর রাতে চুঁরখারহাট বাজারে যে গুলি চলেছিল, তা আধুনিক পিস্তলের গুলি ছিল না। সেদিন মুখোশধারী দুর্বৃত্তদের ছোড়া ছররা গুলিতে ছয়জন আহত হয়েছেন।

আহতরা হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। আহতদের সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশের দাবি, পালানোর পথে রায়হান ও তার সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে শটগানের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হন।

রায়হানের বক্তব্য অন্য রকম। পুলিশ কর্মকর্তার সঙ্গে ফোনালাপে তিনি বলেন, তিনি মাজার জিয়ারতে যাচ্ছিলেন এবং গুলি কীভাবে হয়েছে তা জানেন না।

যদি তাঁর দলের হাতে শুধু আধুনিক অস্ত্রই থাকে, তাহলে বাজারে শটগানের ছররা ছুড়ল কারা? আর যদি ছররা তাঁর দলই ছুড়ে থাকে, তাহলে “বাংলা মাল” নিয়ে বিদ্রূপ কতটা সত্যি? এই দুই প্রশ্নের উত্তর এখনো কারও কাছ থেকে মেলেনি।

দুই মঞ্চে দুই লড়াই

এর মধ্যে লড়াইটা চলছে দুই মঞ্চে। একদিকে পুলিশের সংবাদ সম্মেলন, অন্যদিকে পলাতক সন্ত্রাসীর ফেসবুক।

অভিযান চলার মধ্যেই রায়হান হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে ফোন করেন। হোয়াটসঅ্যাপে হওয়া ৯ মিনিট ৫২ সেকেন্ডের কথোপকথনের একটি ভিডিও বুধবার (২৫ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি।

আত্মসমর্পণের বিষয়ে ওই কর্মকর্তা পরে বলেন, “কাউকে বিশ্বাস করা যাবে না”।

এসপিও জানান, রায়হান একবার ফোন করে আত্মসমর্পণের কথা বলেছিলেন। তখন তাকে আত্মসমর্পণ করে আদালতে আইনি প্রক্রিয়া মোকাবিলার পরামর্শ দেওয়া হয়।

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান বলেন, ‘আমরা অপরাধী শনাক্তের চেষ্টা করছি। অন্যদিকে আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয়, সেদিকেও লক্ষ্য রাখছি।’

উপজেলার শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মুহাম্মদ ইউসুপের মতে, জড়িতদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, ধারাবাহিক সহিংসতার নিরপেক্ষ তদন্ত আর অবৈধ অস্ত্র উদ্ধার এখন সবচেয়ে জরুরি।

কোদালিয়া টিলার টিনের ঘরে কারা ছিলেন, সে প্রশ্ন এখনো খোলা। থানা থেকে লুট হওয়া দেড় শ বিদেশি অস্ত্র কোথায় আছে, সেটা আরও বড় প্রশ্ন। চুঁরখারহাটের ছয়জনের শরীরের ক্ষত মনে করিয়ে দেয়, এই দুই প্রশ্নের উত্তর না মিললে ফটিকছড়ির বাজারে আবারও গুলি চলতে পারে।

আরও পড়ুন: ফটিকছড়িতে প্রকাশ্যে গুলির পর ফেসবুকে ‘শুটার’ রায়হানের সাফাই

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও