খুঁজুন
, ,
শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

শুধু মুখস্থ নয়, তিন ভাষায় অনুবাদ শিখে হাফেজ হলো দুই ভাইসহ চার শিশু

শুধু মুখস্থ নয়, তিন ভাষায় অনুবাদ শিখে হাফেজ হলো দুই ভাইসহ চার শিশু
রবিউল হোসেন
পটিয়া · ২৮ নভেম্বর ২০২৬, ২০:৪০

বয়সের ব্যবধান মাত্র ছয় মাসের। একজনের বয়স ৯ বছর ৮ মাস, অন্যজনের ৯ বছর ২ মাস। চট্টগ্রামের পটিয়ায় একই পরিবারে একসঙ্গে বেড়ে ওঠা চাচাতো দুই ভাই হোসাইন মো. তাওসিফ রেজা ও আবরার জামিল। খেলার মাঠ থেকে শুরু করে পড়াশোনার টেবিল—সব জায়গায়ই তাদের নিত্যসঙ্গী একে অপরের ছায়া।

দুই বছর আগে পরিবারের সিদ্ধান্তে দুজন একসঙ্গে ভর্তি হয়েছিল পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এডুকেশন গার্ডেন অ্যান্ড হিফজ মাদ্রাসায়। দুই বছরের একটানা পরিশ্রম আর অধ্যবসায় শেষে এবার একই দিনে পবিত্র কোরআনের হাফেজ হয়ে চমক দেখিয়েছে তারা।

তাওসিফ ও আবরারের এই আনন্দের দিনে তাদের সঙ্গী হয়েছে একই প্রতিষ্ঠানের আরও দুই শিক্ষার্থী—ইরফানুল ইসলাম শিহাব ও তাওসিফুল ইসলাম আদিল। চার শিশুই একই দিনে হিফজ সম্পন্ন করেছে।

শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে যখন এই চার কিশোরের মাথায় সম্মাননার পাগড়ি পরিয়ে দেওয়া হচ্ছিল, তখন সবচেয়ে বেশি আবেগাপ্লুত ছিলেন তাদের অভিভাবকেরা।

তাওসিফ রেজার বাবা নুরুল আলম রুবেল বলছিলেন, সন্তানকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তোলার স্বপ্ন থেকেই তিনি ছেলেকে এখানে ভর্তি করান। আর তাঁর ভাইপো আবরার জামিলও একই সময়ে ভর্তি হয়। একসঙ্গে বড় হওয়া ছেলে ও ভাইপো একই দিনে হাফেজ হওয়ায় পরিবারের আনন্দটা এবার অন্য রকম।

নিজের এই অর্জনের পেছনে মা-বাবা ও শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা জানিয়েছে ছোট্ট আবরার জামিলও।

গতানুগতিক হিফজ মাদ্রাসার চেয়ে এখানকার পাঠদান পদ্ধতিতে কিছুটা ভিন্নতা রয়েছে বলে জানান মাদ্রাসার প্রধান পরিচালক রাশেদুল ইসলাম।

তিনি বলেন, শিক্ষার্থীদের কেবল মুখস্থবিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে আরবি, বাংলা ও ইংরেজি—এই তিন ভাষায় কোরআনের অনুবাদ শেখানো হচ্ছে। পাশাপাশি পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ ও বিষয়ভিত্তিক পাঠদানও চালানো হয়, যাতে হিফজ শেষ করে শিক্ষার্থীরা দেশ-বিদেশের যেকোনো জায়গায় নিজেদের যোগ্যতার প্রমাণ রাখতে পারে।

শনিবার সকালের ওই আয়োজনে চার হাফেজের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার পাশাপাশি নতুন শিক্ষার্থীদের সবক দেওয়া হয়। রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পটিয়া বাইতুশ শরফ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সরওয়ার হোসেন রাশেদী এবং সমাজসেবক ও ব্যবসায়ী হাজি রফিকুল ইসলাম শিশুদের এই অর্জনে শুভেচ্ছা জানান।

পরে মাওলানা সরওয়ার হোসেন রাশেদীর পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

আরও পড়ুন: ডোমখালী: সাগরের কোলে চট্টগ্রামের এক টুকরো সুন্দরবন

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও