পটিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল নিক্ষেপ, আগুন

চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে প্রধান ফটকে আগুন ধরে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার ভোর পাঁচটার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিংলা এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে দুই থেকে তিনজন মুখোশধারী এসে ব্যাংকের প্রধান ফটকে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে সঙ্গে সঙ্গে ফটকে আগুন ধরে যায়। ব্যাংকের নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে অগ্নিনির্বাপণ যন্ত্র (ফায়ার স্প্রে) ব্যবহার করে তা নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পটিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কবির খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
গ্রামীণ ব্যাংকের পটিয়া এরিয়া ম্যানেজার কামরুল হাসান বলেন, কয়েকজন মুখোশধারী এসে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করলে ব্যাংকের প্রধান ফটকে আগুন ধরে যায়। নৈশপ্রহরী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: ফটিকছড়ির হেয়াঁকো বাজারে আগুনে পুড়ল দুই দোকান





আপনার মতামত লিখুন