খুঁজুন
, ,
শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে চারটি ডাম্পার জব্দ

লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে চারটি ডাম্পার জব্দ
নিজস্ব প্রতিবেদক
লোহাগাড়া · ২৮ নভেম্বর ২০২৬, ১৩:৫৮

চট্টগ্রামের লোহাগাড়ায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে পরিবহনের অভিযোগে পৃথক অভিযান চালিয়ে মাটিভর্তি চারটি ড্রাম ট্রাক (ডাম্পার) জব্দ করেছে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ। এর মধ্যে উপজেলা প্রশাসন তিনটি ও পুলিশ একটি ডাম্পার জব্দ করে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেইল্লা পুকুরপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, রাতে স্থানীয় বাসিন্দারা প্রথমে মাটিভর্তি চারটি ডাম্পার আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দ ঘটনাস্থলে যান। পরে তাঁর নেতৃত্বে আনসার সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তায় তিনটি ডাম্পার জব্দ করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ইউএনও মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশের ক্ষতিসাধনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি মাটিভর্তি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একই রাতে ওই এলাকা থেকে পৃথক অভিযানে আরও একটি ডাম্পার জব্দ করে লোহাগাড়া থানা-পুলিশ। গাড়িটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। অবৈধ মাটি কাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: মিরসরাইয়ে চোরাই কাপড়ভর্তি কাভার্ড ভ্যান জব্দ, চালক গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও