খুঁজুন
, ,
রবিবার, ৮ই নভেম্বর ২০২৬
সারাদেশ

যৌথ অভিযানের মধ্যেই অস্ত্রের মুখে শিশু অপহরণ

যৌথ অভিযানের মধ্যেই অস্ত্রের মুখে শিশু অপহরণ
রিহানের মায়ের একটাই আকুতি, দ্রুত যেন তাঁর সন্তানকে উদ্ধার করে ঘরে ফিরিয়ে দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার ও টেকনাফ · ৮ নভেম্বর ২০২৬, ১২:৪০

টেকনাফের পাহাড়ে চার দিন ধরে চলছে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান। ধারণা করা হচ্ছিল, এমন চাপের মুখে পাহাড়ের অপহরণকারীরা অন্তত কিছুদিন গা ঢাকা দিয়ে থাকবে।

কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে অভিযানের মধ্যেই অস্ত্রের মুখে তুলে নেওয়া হয়েছে এগারো বছরের এক শিশুকে।

শিশুটির নাম মোহাম্মদ রিহান। সে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের রইক্যং এলাকার কৃষক জমিল হোছনের ছেলে। পড়ে বড়খিল নূরানি মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রইক্যংয়ের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের দাবি, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে পাহাড়ি ডাকাত দল শিশুটিকে অপহরণ করেছে।

ফেরার পথে ওত পেতে ছিল তারা

শনিবার সকালে মামা নুরুল কবিরের সঙ্গে পুতিবনিয়ার মিজ্জির ছড়া এলাকায় জমিতে যায় রিহান। সারা দিন মামার সঙ্গে সেখানেই হাসিখুশিতে কেটেছে তার।

বিকেলে বাড়ি ফেরার পথে হঠাৎ পথ আটকে দাঁড়ায় সাত-আটজনের একটি সশস্ত্র দল। মুহূর্তেই চারপাশ থেকে ঘিরে ফেলে মামা-ভাগনেকে।

নুরুল কবিরের ভাষ্য, তিনি কৌশলে অপহরণকারীদের হাত থেকে পালিয়ে আসতে পারেন। কিন্তু ছোট্ট রিহানের পক্ষে তা সম্ভব হয়নি। অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ছেলেকে হারিয়ে দিশেহারা রিহানের মা। ঘটনার পর থেকে তাঁর কান্না থামছে না। মুখে তুলছেন না ভাত-পানি। ছেলের নাম ধরে বারবার মাটিতে লুটিয়ে পড়ছেন।

তাঁর একটাই আকুতি, দ্রুত যেন তাঁর সন্তানকে উদ্ধার করে ঘরে ফিরিয়ে দেওয়া হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। পরিবার এখনো অভিযোগ দেয়নি। তারপরও আমরা শিশুটির খোঁজে কাজ শুরু করেছি।’

রোববার দুপুর গড়িয়ে গেলেও ঘরে ফেরেনি রিহান। মেলেনি তার কোনো খোঁজ।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সারাদেশ থেকে আরও