সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে টেকনাফে উদ্ধার ৯

সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ লম্বরীঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
রোববার সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৭ ও ১৬ বছর বয়সী দুজন কিশোর এবং ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে।
বিজিবি জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ লম্বরীঘাট এলাকা দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতির কথা জানতে পারে তারা।
এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবি সদস্যরা ঘাটে ২০ থেকে ২৫ জনের একটি দল দেখতে পান।
এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখে ধাওয়া করে বিজিবি।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারচক্রের ১০ থেকে ১৫ সদস্য দ্রুত নৌকায় উঠে সাগরের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ওই ৯ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং অন্যরা কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী ও উখিয়া উপজেলার বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা তাঁদের জোরপূর্বক পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় নিয়ে আসার কথা নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে এই কর্মকর্তা জানান।
তিনি আরও জানান, মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর এবং উপকূলীয় এলাকায় এই ধরনের অপরাধ প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হবে।





আপনার মতামত লিখুন