খুঁজুন
, ,
রবিবার, ৮ই নভেম্বর ২০২৬
সারাদেশ

চকরিয়ায় বেপরোয়া গাড়ির ধাক্কায় শিশু ও প্রবাসীর মৃত্যু

চকরিয়ায় বেপরোয়া গাড়ির ধাক্কায় শিশু ও প্রবাসীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
চকরিয়া · ৮ নভেম্বর ২০২৬, ১৭:৪৮

বেপরোয়া গতির গাড়ির ধাক্কা এবং সেনাবাহিনীর পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং স্টেশন ও উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় তিন কিলোমিটারের মধ্যে দুর্ঘটনা দুটি ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুর ১২টার দিকে হারবাং স্টেশনে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি পিকআপের মধ্যে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে অটোরিকশায় মায়ের কোলে থাকা দুই মাস বয়সী শিশু আরহাম ইসলাম গুরুতর আহত হয়।

পরে সেনাবাহিনীর একটি দল আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু আরহাম চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে।

একই দুর্ঘটনায় শিশুর মা ফাহমিদা ইয়াসমিন লাকি (২৩), লাকির বড় বোন উর্মী আক্তার (২৮), বোরহান উদ্দিনের তিন বছর বয়সী মেয়ে আরিশা জান্নাত এবং অটোচালক জাফর আলম (৪৬) গুরুতর আহত হন।

আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, একই সময়ে মহাসড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় অপর এক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সৌদিপ্রবাসী মাহবুবুর রহমান (৬২) নিহত হন।

নিহত মাহবুবুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে।

দীর্ঘ প্রবাসজীবন শেষে তিন মাস আগে দেশে ফেরা এই প্রবাসী চকরিয়ায় এক বন্ধুর বাড়িতে যাওয়ার পথে দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় দুর্ঘটনার শিকার হন বলে ধারণা করা হচ্ছে।

নিহত প্রবাসীর বোনের ছেলে এবং দৈনিক যুগান্তর পত্রিকার বান্দরবান দক্ষিণ প্রতিনিধি ইলিয়াস আরমান তাঁর মামার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইলিয়াস আরমান আজিজনগরের বাসিন্দা বলে জানা গেছে।

এ ছাড়া বাবার মরদেহ নিতে চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানায় যান নিহতের ছেলে আবদুল আজিজ।

চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট মো. জাকিবুল ইসলাম সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনি ব্যবস্থা গ্রহণ শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সারাদেশ থেকে আরও