খুঁজুন
, ,
রবিবার, ৮ই নভেম্বর ২০২৬
সারাদেশ

রোহিঙ্গা নেতা মুহিব হত্যার আসামি বলি আমিন গ্রেপ্তার

রোহিঙ্গা নেতা মুহিব হত্যার আসামি বলি আমিন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার · ৮ নভেম্বর ২০২৬, ১৭:৪৫

রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার অন্যতম আসামি ও মিয়ানমারের নাগরিক খাইরুল আমিন ওরফে বলি আমিনকে (৪৫) কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাত সোয়া ১২টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

এসআরবি-১৫-এর সদর কোম্পানির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তার খাইরুল আমিন কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ডি/৪ ব্লকের বাসিন্দা নূর হোসেন ওরফে মোস্তাফিজুরের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।

এ সময় গ্রেপ্তার আসামির কাছ থেকে একটি স্মার্টফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

এসআরবি-১৫ জানায়, বলি আমিন রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্তবর্তী এলাকার একজন চিহ্নিত অপরাধী।

তাঁর বিরুদ্ধে উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা, অস্ত্র, মাদক, মানব পাচার ও পুলিশের ওপর হামলার অন্তত ১৫টি মামলা রয়েছে।

এ ছাড়া মাদক ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধে আদালতের তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাঁর বিরুদ্ধে।

গ্রেপ্তার আসামিকে উদ্ধার করা আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পসহ সামগ্রিক অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫-এর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সারাদেশ থেকে আরও