খুঁজুন
, ,
শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬
সারাদেশ

রাডারের ফাঁদে টেকনাফে ধরা পড়ল ইয়াবার চালান

রাডারের ফাঁদে টেকনাফে ধরা পড়ল ইয়াবার চালান
নিজস্ব প্রতিবেদক
টেকনাফ · ১৪ নভেম্বর ২০২৬, ১৫:৩৬

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে রাডার ও থার্মাল ইমেজার ব্যবহার করে এবং মেরিন ড্রাইভে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

এই দুই অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পাশাপাশি দুটি বাটন মোবাইল ফোন জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৪ নভেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে টেকনাফের মহেশখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

সেখানে একটি অটোরিকশায় থাকা দুই নারীর চলাফেরা সন্দেহজনক মনে হলে তাঁদের মালামাল তল্লাশি করেন বিজিবি সদস্যরা।

এ সময় একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এই ঘটনায় টেকনাফের হাবিরপাড়া এলাকার বাসিন্দা মোছা. ছেনোয়ারা বেগম (৫০) ও দিলারা বেগমকে (৪০) আটক করা হয়।

অন্যদিকে, শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাখাল এলাকায় নাফ নদীতে আরেকটি অভিযান চালায় বিজিবি।

মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার বড় চালান প্রবেশের গোপন তথ্যের ভিত্তিতে স্পিডবোট নিয়ে নদীতে অবস্থান নেয় বিজিবির বিশেষ টহল দল।

এ সময় থার্মাল ইমেজার ও রাডারের সহায়তায় মিয়ানমার থেকে আসা দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়।

পরে তাঁদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখেন বিজিবি সদস্যরা।

বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও বস্তাসহ অপরজনকে আটক করা হয়।

বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মো. হোসেন (৫০), তিনি সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় মো. শাকের (৪০) নামের আরও একজন পালিয়ে গেছেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, মাদকদ্রব্যের অবৈধ পাচার দেশের যুবসমাজ, জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, বিশেষ টহল, তল্লাশি কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা আলামত পরবর্তী আইনি ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সারাদেশ থেকে আরও