খুঁজুন
, ,
শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬
সারাদেশ

মধ্যবিত্তের নাগাল থেকে কি সরে যাচ্ছে সেন্টমার্টিন?

তিন বছরে বদলে গেছে যাতায়াত, বেড়েছে খরচ; মধ্যবিত্তের নাগাল থেকে সরে যাচ্ছে সেন্ট মার্টিন

মধ্যবিত্তের নাগাল থেকে কি সরে যাচ্ছে সেন্টমার্টিন?
১৪ নভেম্বর ২০২৬, ১৫:৫৩

শীত এলেই দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনের দিকে ছুটত মানুষ। এবারও মৌসুম শুরু হয়েছে, জাহাজও চলছে। কিন্তু প্রত্যাশিত পর্যটক মিলছে না।

দিনে সাড়ে তিন হাজার পর্যটক যাওয়ার অনুমতি আছে। অথচ দ্বীপে যাচ্ছেন এর অর্ধেকেরও কম।

কারণ খুঁজতে গেলে প্রথমেই আসে টিকিটের দাম। গত মৌসুমে জাহাজের সর্বনিম্ন রাউন্ড ট্রিপ ভাড়া ছিল সাড়ে তিন হাজার টাকা। এবার তা দাঁড়িয়েছে ৪ হাজার ২০০ টাকায়। এক মৌসুমেই ভাড়া বেড়েছে ৭০০ টাকা, অর্থাৎ ২০ শতাংশ।

এর সঙ্গে আছে দীর্ঘ সমুদ্রযাত্রা, টিকিট কাটার ভোগান্তি আর নানা বিধিনিষেধ। ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলেও অনেকে পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পিছিয়ে যাচ্ছেন।

সক্ষমতা আছে, যাত্রী নেই

বিআইডব্লিউটিএর সভার তথ্য বলছে, সেন্টমার্টিন রুটে অনুমতি পাওয়া ও আবেদন করা নয়টি জাহাজ মিলিয়ে একসঙ্গে ৪ হাজার ৬০৪ জন যাত্রী নিতে পারে।

মৌসুমের শুরুতে চলেছে তিনটি জাহাজ। এগুলোর আসন ২ হাজার ২৯৮টি। অথচ প্রতিদিন যাত্রী হয়েছে গড়ে ৫০০ থেকে এক হাজারের কিছু বেশি।

যাত্রা ঘোষণাপত্র অনুযায়ী, ৬ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ছয় দিনে দ্বীপে গেছেন ৫ হাজার ৩৬১ জন। দিনে গড়ে ৯০০ জনও হয়নি। তাঁদের মধ্যে বিদেশি ছিলেন ৭২ জন।

তিন বছরে বদলে গেছে সব

একসময় টেকনাফের দমদমিয়া ঘাট থেকে অল্প সময়ের মধ্যেই সেন্টমার্টিন পৌঁছানো যেত। এখন পর্যটকদের যেতে হয় কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে, দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে। এতে সময় ও খরচ দুটোই বেড়েছে।

ভাড়ার হিসাব দেখলে পরিবর্তনটা স্পষ্ট হয়।

২০২৩-২৪ মৌসুমে টেকনাফ থেকে সর্বনিম্ন রাউন্ড ট্রিপ ভাড়া ছিল ১ হাজার থেকে ১ হাজার ৬০০ টাকা। কক্সবাজার থেকে লাগত ২ হাজার ৫০০ টাকা।

পরের দুই মৌসুমে, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ সালে, কক্সবাজার থেকে সর্বনিম্ন ভাড়া হয় সাড়ে তিন হাজার টাকা। চলতি ২০২৬-২৭ মৌসুমে তা ৩ হাজার ৬০০ থেকে ৪ হাজার ২০০ টাকা।

অর্থাৎ তিন বছর আগে যে টাকায় টেকনাফ থেকে দ্বীপ ঘুরে আসা যেত, এখন তার প্রায় চার গুণ গুনতে হচ্ছে।

নিয়মেও এসেছে বড় বদল। ২০২৩-২৪ মৌসুমে দৈনিক পর্যটকের কোনো সীমা ছিল না। পরের দুই মৌসুমে সীমা বেঁধে দেওয়া হয় দুই হাজারে। এবার তা বাড়িয়ে সাড়ে তিন হাজার করা হয়েছে।

রাতে থাকার সুযোগও এখন সীমিত। আগে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত যাওয়া-থাকা দুটোই চলত। এবার পর্যটন চলবে ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত। নভেম্বরে দিনে গিয়ে দিনেই ফিরতে হবে। রাত্রিযাপন করা যাবে ডিসেম্বর থেকে।

এর বাইরে অনলাইন ট্রাভেল পাস বাধ্যতামূলক। নতুন যোগ হয়েছে ১০০ টাকার পরিবেশ সংরক্ষণ ফি।

পরিবার নিয়ে গেলে খরচ অনেক

পর্যটকেরা বলছেন, খরচ শুধু জাহাজের টিকিটে থামে না। নুনিয়ারছড়া ঘাটে যাওয়া-আসা, পথের খাবার, দ্বীপে থাকা-খাওয়া মিলিয়ে খরচ আরও বাড়ে। পরিবারের কয়েকজন একসঙ্গে গেলে মোট খরচ সামলানো কঠিন হয়ে যায়।

পর্যটনসংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থী, তরুণ আর সীমিত আয়ের পরিবারের জন্য কম খরচে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ফলে ইচ্ছা থাকলেও সেন্টমার্টিন তাঁদের কাছে দূরেই থেকে যাচ্ছে।

চট্টগ্রাম নগরের বাসিন্দা ফজলুর রহমান বলেন, ‘হিসাব করে দেখেছি, সেন্টমার্টিনে গিয়ে এক রাত থেকে ঘুরে আসতে একজনের কমপক্ষে ১২ হাজার টাকা লাগবে। কেনাকাটা ও অন্যান্য ব্যক্তিগত খরচ এই হিসাবের বাইরে। এত টাকা খরচ হবে জেনে আর যেতে ইচ্ছে করছে না।’

জাহাজমালিকদের হিসাব

সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর ঘোষিত ভাড়াকে অযৌক্তিক মনে করেন না।

তিনি বলেন, কয়েক মাসের মৌসুমের জন্য জাহাজগুলোকে সারা বছরের পরিচালন ব্যয় টানতে হয়। তবে সাধারণ পর্যটকের সুবিধার জন্য ডেক ও ইকোনমি শ্রেণির ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা হলে মালিকদের আপত্তি থাকবে না।

বিআইডব্লিউটিএর সভায় জাহাজমালিকেরা সাধারণ শ্রেণির একমুখী টিকিটের ভাড়া ২ হাজার ১০০ টাকা প্রস্তাব করেছেন।

তাঁদের হিসাবে, এর মধ্যে ভ্যাট, এজেন্ট কমিশন, পরিবেশ ফি, বিভিন্ন সরকারি ফি ও পরিচালন ব্যয় মিলিয়ে খরচ ১ হাজার ৩২৭ টাকা। বাকি ৭৭৩ টাকা মুনাফা। মালিকদের নিজেদের হিসাবেই প্রতিটি টিকিটের প্রায় ৩৭ শতাংশ মুনাফা।

সভায় বিআইডব্লিউটিএর প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। সেখানে ইকোনমি ও ওপেন ডেক শ্রেণির ভাড়া ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা এবং বিজনেস ও লাউঞ্জ শ্রেণির ভাড়া ১ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৫০০ টাকা রাখার কথা বলা হয়। বিলাসবহুল কেবিনের ভাড়া মালিকদের ওপর ছেড়ে দেওয়ার কথাও ভাবা হচ্ছে।

বৈঠক চলছে, সিদ্ধান্ত আসেনি

গত সোমবার বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় ভাড়া যৌক্তিক পর্যায়ে আনতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এর আগেও কয়েক দফা বৈঠক হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।

কক্সবাজার জেলা প্রশাসনের প্রবাসী কল্যাণ ও পর্যটন শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, ‘বিআইডব্লিউটিএর সভাপতিত্বে ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে কয়েক দফায় বৈঠক হয়েছে। এ বিষয়ে আরও কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।’

বিআইডব্লিউটিএর কক্সবাজার (কস্তুরাঘাট) নদীবন্দরের পোর্ট অফিসার মো. আব্দুল ওয়াকিলও বললেন, ‘ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে আমাদের বৈঠক চলমান রয়েছে।’

শুধু ভাড়া কমানো নয়, আরও কিছু পরিকল্পনা আছে সংস্থাটির। জাহাজভিত্তিক যাত্রী বরাদ্দ দেওয়া হবে। ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী নিতে হবে। টিকিটে মূল ভাড়া আর বিভিন্ন ফি আলাদা করে লেখা থাকবে। অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে তদারকিও বাড়ানো হবে।

জ্বালানির দামের সঙ্গে মিলিয়ে সর্বোচ্চ ভাড়ার সীমা বাঁধতে থাইল্যান্ডের একটি মডেলও বিবেচনায় রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এতে জ্বালানি ও পরিচালন ব্যয় ওঠানামার সঙ্গে ভাড়াও সমন্বয় করা যাবে।

বিআইডব্লিউটিএর কক্সবাজার কার্যালয়ের বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক নয়ন শীল বলেন, ‘পর্যটকদের নিরাপত্তায় এবার জাহাজের নৌ-সংক্রান্ত সনদ ও অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। ভাড়া নিয়ে পর্যটকদের আপত্তি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত সংগ্রহ করা হয়েছে। পর্যটক ও বিনিয়োগকারী উভয়ের স্বার্থ বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য ভাড়া কাঠামো তৈরির কাজ চলছে আমাদের।’

সংশ্লিষ্টরা মনে করেন, দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য বাঁচাতে বিধিনিষেধ দরকার। কিন্তু সেই সঙ্গে সাধারণ মানুষের যাতায়াতের খরচও সাধ্যের মধ্যে রাখতে হবে।

ভাড়া যৌক্তিক হলে, বাড়তি টাকা আদায় বন্ধ হলে আর টিকিট ব্যবস্থায় স্বচ্ছতা এলে সেন্টমার্টিনে আবার পর্যটকের ঢল নামতে পারে।

এখন অপেক্ষা একটাই প্রশ্নের উত্তরের। বৈঠকের পর বৈঠক শেষে যে নতুন ভাড়া আসবে, তাতে কি মধ্যবিত্তের জন্য আবার খুলবে প্রবালসমৃদ্ধ দ্বীপের দরজা?

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সারাদেশ থেকে আরও