সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট ও মাছসহ আটক ৩৮

সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় ‘অপারেশন কোরাল দ্বীপ’ পরিচালনা করে ৩৮ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
এ সময় তাঁদের কাছ থেকে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকার ১২ মিটার গভীরতায় এই বিশেষ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’র মাধ্যমে এই অভিযানটি পরিচালিত হয় বলে তিনি উল্লেখ করেন।
অভিযানকালে ওই সমুদ্র এলাকা থেকে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করে তাতে তল্লাশি চালানো হয়।
বোট দুটিতে তল্লাশি চালিয়ে জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ উদ্ধার করার পাশাপাশি বোটে থাকা ৩৮ জেলেকে আটক করেন কোস্ট গার্ড সদস্যরা।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, জব্দ করা বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ট্রলারসহ আটক জেলেদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।
সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ ট্রলিং প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।





আপনার মতামত লিখুন