নামাজ পড়ে ফেরার পথে হাতির আক্রমণে মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে ছৈয়দ ফকির (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার নবগঠিত উত্তর হারবাং ইউনিয়নের চিতারবিল নামক স্থানে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দলছুট একটি বন্য হাতির সামনে পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
জানা যায়, ঘটনার সময় ছৈয়দ ফকির গয়ালমারা স্টেশনের পশ্চিম পাশে চিতারবিলের পাহাড়ি ঢালা অতিক্রম করছিলেন।
এ সময় হঠাৎ একটি হাতির সামনে পড়ে যান তিনি।
কিছু বুঝে ওঠার আগেই তিনি বন্য হাতির আক্রমণের শিকার হন।
পরে আশপাশের লোকজন এগিয়ে গেলে ঘটনাস্থল থেকে হাতিটি সটকে পড়ে।
নিহত ছৈয়দ ফকিরের পরিবারের আদি নিবাস চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
তবে তিনি এক যুগেরও বেশি সময় ধরে চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের ভান্ডারীরডেবা এলাকায় বসতি স্থাপন করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
পরিবারের আবেদন অনুযায়ী পুলিশ মরদেহের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি উল্লেখ করেন।





আপনার মতামত লিখুন