ইনানীর আগুন থামাতে মাঠে বাপেক্স, বসছে ভারী যন্ত্র

১৯ দিন ধরে জ্বলছে আগুন। দিনরাত একটানা, একমুহূর্তের জন্যও থামেনি। কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ বসাতে গিয়ে মাটির গভীর থেকে বেরিয়ে আসা গ্যাসের সেই আগুন এখন সারা দেশের নজরে।
আগুনের গতিপ্রকৃতি দেখতে সরকার ১৫ দিনের সময় নিয়েছিল। সেই সময় পেরিয়ে গেছে। কিন্তু শিখা নেভেনি, কমেওনি। গ্যাসের চাপ আর প্রবাহ রয়ে গেছে আগের মতোই।
এই স্থিরতাই এখন সবচেয়ে বড় খবর। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) বিশেষজ্ঞরা বলছেন, এত দিন একই গতিতে গ্যাস বের হওয়া ইঙ্গিত দেয়, ইনানীর ভূগর্ভে গ্যাসের মজুত থাকতে পারে। গ্যাসের সঙ্গে তেল বা কনডেনসেট থাকার সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা।
এবার তাই আগুন নিভিয়ে কূপটি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে সরকারি সংস্থাটি। শনিবার (১৪ নভেম্বর) লরি আর ক্রেনে করে ঘটনাস্থলে আনা হয়েছে ভারী যন্ত্রপাতি, পাইপসহ খনন ও কূপ নিয়ন্ত্রণের কারিগরি সরঞ্জাম। শুরু হয়েছে সেগুলো বসানোর কাজ।
ঘটনার শুরু ২৭ অক্টোবর সকালে। উখিয়া উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সেদিন সকাল সাতটার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ইনানী ছোট খাল সেতুর পাশের একটি বাড়িতে নলকূপ বসানোর কাজ চলছিল।
মাটির প্রায় এক হাজার ফুট গভীরে পাইপ পৌঁছাতেই হঠাৎ বেরিয়ে আসতে থাকে গ্যাস। কিছুক্ষণের মধ্যে তাতে আগুন ধরে যায়। সেই আগুন আজও জ্বলছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার জানান, আগুন জ্বলে ওঠার পর থেকেই প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মানুষের জানমালের নিরাপত্তা এবং বিস্ফোরণ ও ভূমিধসের মতো ঝুঁকি এড়াতে ঘটনার পরপরই ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়। তখন থেকে সেখানে নিরাপত্তায় আছেন ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ইউএনও বলেন, বাপেক্সের একটি বিশেষজ্ঞ দল যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে কাজ করছে। তাঁরা আগুন নিয়ন্ত্রণ, গ্যাসের চাপ ও প্রবাহ, ভূতাত্ত্বিক গঠন এবং নিরাপদে গ্যাস তোলার সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছেন।
আগুন নিয়ন্ত্রণে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে কূপ খননের কাজ শুরু হবে। দলটি কক্সবাজারে থেকেই কাজ চালিয়ে যাবে। তাঁদের থাকার ব্যবস্থাও করা হয়েছে।
শিগগিরই আরেকটি উচ্চপর্যায়ের দল ঘটনাস্থল পরিদর্শনে আসবে বলে জানান ইউএনও। সেই দলে জ্বালানি প্রতিমন্ত্রীও থাকতে পারেন। তাঁদের পর্যবেক্ষণের পর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
‘আগে কূপ বন্ধ, তারপর বাকি সব’
পরিস্থিতি দেখতে আসা বাপেক্সের ৯ সদস্যের দলের প্রধান হাওলাদার অহিদুল ইসলাম। তিনি প্রতিষ্ঠানটির সাবেক মহাব্যবস্থাপক (জিএম)। সাংবাদিকদের তিনি জানান, গ্যাসের প্রবাহ ও চাপ কতটা স্থায়ী, তা বুঝতে টানা ১৫ দিন পর্যবেক্ষণ করা হয়েছে। দেখা গেছে, একই গতি ও চাপে গ্যাস বের হচ্ছে।
তাঁর মতে, এভাবে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস জ্বলতে দেওয়া ঝুঁকিপূর্ণ। তাই প্রথম অগ্রাধিকার জরুরি ভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ করা এবং গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনা।
কূপ সফলভাবে নিয়ন্ত্রণে এলে তারপর ভূতাত্ত্বিক জরিপ এবং গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিনও বলছেন, দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও চাপ স্থিতিশীল পাওয়া গেছে। নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে আগুন নিয়ন্ত্রণে এনে পরের ধাপে বাণিজ্যিকভাবে গ্যাস তোলা যায়, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ধারণা, প্রায় তিন সপ্তাহ ধরে একই চাপ ও প্রবাহে গ্যাস বের হওয়া ছোট কোনো গ্যাস পকেটের লক্ষণ নয়। বরং এটি বড় মজুতের সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছে।
তবে সতর্কতাও আছে। ভূতাত্ত্বিক জরিপ, সিসমিক সমীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া মজুতের প্রকৃত পরিমাণ কিংবা বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে নিশ্চিত হওয়ার সুযোগ নেই।
বর্তমানে দেশে সরকারিভাবে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র ৩০টি। এর মধ্যে প্রায় ২০টি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন হচ্ছে। তিতাস, হবিগঞ্জ, বিবিয়ানা, কৈলাশটিলা, রশিদপুর, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, জালালাবাদ, সেমুতাং, বাঙ্গুরা, শাহবাজপুর, সুন্দলপুর, শ্রীকাইল, শাহজাদপুর ও ভোলা নর্থসহ বিভিন্ন ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, ইনানীতে পর্যাপ্ত মজুত নিশ্চিত হলে এবং বাণিজ্যিকভাবে তোলা সম্ভব হলে এটি হতে পারে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র।
সেই প্রশ্নের উত্তর এখনো লুকিয়ে আছে মাটির নিচে। আপাতত ইনানীতে জ্বলছে ১৯ দিনের এক অনির্বাণ শিখা।





আপনার মতামত লিখুন