চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের অহংকার কলা ও মানববিদ্যা অনুষদ

ধরা যাক, একটি ছেলে প্রথমবার ক্যাম্পাসে এসেছিল খালি পায়ে। গ্রামের স্কুল পেরিয়ে, মায়ের আঁচলে বাঁধা কয়েকটা টাকা সম্বল করে। ব্যাগে দামি বই ছিল না। ছিল হয়তো একটি পুরোনো বাংলা বই, পড়তে পড়তে যার পাতাগুলো কুঁকড়ে গেছে।
পাহাড়ের ওপরে তার জন্য কী অপেক্ষা করছে, সে জানত না। শুধু জানত, তাকে পড়তে হবে, মানুষ হতে হবে।
সেই ছেলেটিই হয়তো একদিন বাংলা বিভাগের ক্লাসে বসে কেঁদে ফেলেছিল। শিক্ষক যখন ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ পড়াচ্ছিলেন, তার মনে পড়ে গিয়েছিল গ্রামে থাকা মায়ের মুখ, মাটির ঘর। এই অনুভূতিরই আরেক নাম কলা ও মানববিদ্যা।
আর এই অনুভূতি দিয়েই যাত্রা শুরু করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
১৯৬৬ সালের ১৮ নভেম্বর। জোবরার পাহাড়ে একটি ঘর, ২০০ শিক্ষার্থী, ৭ জন শিক্ষক। বোর্ডে চারটি বিভাগের নাম: বাংলা, ইংরেজি, ইতিহাস ও অর্থনীতি। সেদিন কোনো বড় ভবন ছিল না। ছিল কেবল বই আর স্বপ্ন।
আজ এই ক্যাম্পাসে ৯টি অনুষদ, ৪৮টি বিভাগ, ৬টি ইনস্টিটিউট আর ২৬ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী। এত বড় ক্যাম্পাসের সূচনা হয়েছিল ওই চারটি বিভাগ দিয়ে, যার তিনটিই ছিল কলা অনুষদের। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্মই হয়েছিল কলা ও মানববিদ্যা অনুষদের হাত ধরে।
অনুষদটির প্রতিষ্ঠা ১৯৬৬ সালের ২২ নভেম্বর। প্রথম ডিন ছিলেন ইংরেজি বিভাগের প্রফেসর মোহাম্মদ আলী। এরপর সৈয়দ আলী আহসান, আবদুল করিম, আবার মোহাম্মদ আলী। এভাবে দায়িত্ব হাতবদল হতে হতে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ডিনের দায়িত্বে আছেন দর্শন বিভাগের প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান।
ছয় দশকে অনেকে একাধিকবার ডিনের দায়িত্ব পালন করেছেন। তবে নামগুলো পাশাপাশি সাজালে মনে হয়, একটি দেশের বুদ্ধিবৃত্তিক ইতিহাসের পাতা ওল্টাচ্ছি।
কিন্তু অনুষদটি আসলে কী করে? উত্তরটা যতটা সহজ, ততটাই গভীর।
প্রতিষ্ঠার পর থেকেই এই অনুষদ জ্ঞান, মনন ও সৃজনশীলতার চর্চা করে আসছে। ভাষা, সাহিত্য, ইতিহাস, ধর্ম, দর্শন, শিল্পকলা ও সংস্কৃতি। মানবজীবন ও সভ্যতার এই নানা দিককে এক ছাদের নিচে এনে অনুষদটি গড়ে তুলেছে জ্ঞানচর্চার বিস্তৃত এক পরিসর। এখানে শুধু পরীক্ষায় পাস করানো হয় না, ভাবতে শেখানো হয়।
মানববিদ্যার মূল কথাও এটাই: মানুষ, সমাজ ও সভ্যতাকে গভীরভাবে বোঝা, আর যুক্তি ও মানবিকতার আলোয় আরও ভালো একটি পৃথিবী গড়ার পথ খোঁজা। ৬০ বছর ধরে এই অনুষদ সেই পথই খুঁজে চলেছে। কখনো কবিতায়, কখনো ইতিহাসে, কখনো দর্শনে, কখনো শিল্পে।
যে আঙিনা থেকে উঠে আসেন জাতীয় অধ্যাপক
একটি অনুষদের পরিচয় মাপবেন কী দিয়ে? ভবন দিয়ে, শিক্ষার্থীর সংখ্যা দিয়ে, নাকি শিক্ষক দিয়ে? কলা ও মানববিদ্যা অনুষদের শিক্ষকদের তালিকায় একবার চোখ বোলালেই উত্তর মেলে।
এখানে পড়িয়েছেন কবি ও প্রাবন্ধিক সৈয়দ আলী আহসান, যাঁকে বাংলা সাহিত্যের অভিভাবক বলা হয়। পড়িয়েছেন আবুল ফজল, পরে যিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। পড়িয়েছেন প্রখ্যাত ইতিহাসবিদ আবদুল করিম, যাঁর হাত ধরে বাংলাদেশের ইতিহাসচর্চা নতুন করে দাঁড়িয়েছিল। পড়িয়েছেন ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষক আলমগীর মুহাম্মদ সিরাজুদ্দীন, যিনি পরে উপাচার্য, প্রফেসর ইমেরিটাস ও জাতীয় অধ্যাপক হয়েছেন।
এখানেই পড়িয়েছেন জাতীয় অধ্যাপক এ.টি.এম. আনিসুজ্জামান, কথাসাহিত্যিক ও কবি আলাউদ্দিন আল আজাদ, আর কবি, গীতিকার ও উপস্থাপক আবু হেনা মোস্তফা কামাল।
একটি অনুষদে একসঙ্গে এতগুলো উজ্জ্বল নাম থাকার মানে কী? মানে, অনুষদটি শুধু ক্লাস নেয়নি, একটি জাতির মনন গড়েছে। সেই অবদানের স্বীকৃতি এসেছে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান হয়ে।
এই অনুষদের ১৫ জন পেয়েছেন একুশে পদক।
তালিকার শুরু চারুকলার রশিদ চৌধুরীকে দিয়ে, ১৯৭৭ সালে। এরপর একই বিভাগের মুর্তজা বশীর (এ.কে.এম. বশীর উল্লাহ) পান ১৯৮০ সালে। বাংলার সৈয়দ আলী আহসান পান ১৯৮৩ সালে, এ.টি.এম. আনিসুজ্জামান ১৯৮৫ সালে, আলাউদ্দিন আল আজাদ ১৯৮৬ সালে, আবু হেনা মোস্তফা কামাল ১৯৮৭ সালে। চারুকলার দেবদাস চক্রবর্তী পান ১৯৯০ সালে, ইতিহাসের আবদুল করিম ১৯৯৫ সালে। চারুকলার জিয়া হায়দার পান ২০০১ সালে, মো. মনসুর উল করিম ২০০৯ সালে।
২০১৭ সাল ছিল অনুষদের জন্য উৎসবের বছর। সেবার একসঙ্গে একুশে পদক পান ইতিহাসের আলমগীর মুহাম্মদ সিরাজুদ্দীন, চারুকলা ইনস্টিটিউটের সৈয়দ আবদুল্লাহ খালিদ এবং সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক আবুল মোমেন।
২০১৯ সালে একুশে পদক পান বাংলার মাহবুবুল হক, ২০২৪ সালে পালি বিভাগের জিনবোধি ভিক্ষু। জাতীয় অধ্যাপক হয়েছেন আনিসুজ্জামান (২০১৮) ও সিরাজুদ্দীন (২০২১)। বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ইংরেজি বিভাগের জি এইচ হাবীব।
একটি অনুষদ থেকে এতগুলো একুশে পদক! দেশের খুব কম অনুষদেরই এমন অর্জন আছে।
মজার ব্যাপার হলো, এই অনুষদ শুধু লেখক আর শিল্পীই তৈরি করেনি, উপাচার্যও তৈরি করেছে। এখান থেকে উপাচার্য হয়েছেন প্রফেসর আবুল ফজল, প্রফেসর ড. আবদুল করিম, প্রফেসর ড. মোহাম্মদ আলী, প্রফেসর ড. আলমগীর মুহাম্মদ সিরাজুদ্দীন, প্রফেসর ড. আবু ইউসুফ ও প্রফেসর ড. শিরীণ আখতার। উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেছেন প্রফেসর ড. আবু ইউসুফ, প্রফেসর ড. শিরীণ আখতার ও প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী।
অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাল যাঁরা ধরেছেন, তাঁদের বড় একটি অংশ এসেছেন কলা ও মানববিদ্যা অনুষদ থেকে।
এটা কাকতালীয় নয়। মানববিদ্যা মানুষকে শেখায় কীভাবে ভাবতে হয়, কীভাবে প্রশ্ন করতে হয়, কীভাবে ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। আর একটি বিশ্ববিদ্যালয় চালাতে সবচেয়ে বেশি দরকার এই তিনটি জিনিসই।
তিন বিভাগ থেকে পনেরো
শুরুতে কলা অনুষদে বিভাগ ছিল তিনটি। এখন বিভাগ ও ইনস্টিটিউট মিলিয়ে সংখ্যাটা ১৫। ১৯৬৬ সালে যাত্রা শুরু হয় বাংলা, ইংরেজি ও ইতিহাস দিয়ে। এরপর একে একে যুক্ত হয় দর্শন (১৯৭৩), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১৯৭৪), আরবি (১৯৭৭), ইসলামিক স্টাডিজ (২০০৫), আধুনিক ভাষা ইনস্টিটিউট (২০০৮), নাট্যকলা ও চারুকলা ইনস্টিটিউট (২০১০), ফারসি ভাষা ও সাহিত্য (২০১১), পালি ও সংস্কৃত (২০১৩), সংগীত (২০১৫) এবং বাংলাদেশ স্টাডিজ (২০১৭)। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যাত্রাও শুরু হয়েছিল এই অনুষদেই। অনুষদের অধীনে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গবেষণা ইনস্টিটিউটও।
তালিকাটিই বলে দেয়, অনুষদটি শুধু অতীত আঁকড়ে বসে নেই। ভাষা থেকে দর্শন, ধর্ম থেকে নাটক, সংগীত থেকে ইতিহাস, সবকিছুকে সে একসঙ্গে ধারণ করেছে।
বর্তমানে বিভাগগুলোর নেতৃত্বে আছেন বাংলায় প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, ইংরেজিতে মাহ্-এ-নূর কুদসী ইসলাম, ইতিহাসে প্রফেসর ড. শামীমা হায়দার, দর্শনে প্রফেসর ড. এফ. এম. এনায়েত হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে প্রফেসর ড. মো. মোরশেদুল আলম এবং আরবিতে প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। নাট্যকলায় আছেন ফাহমিদা সুলতানা তানজী, চারুকলা ইনস্টিটিউটে তাসলিমা আক্তার, ফারসিতে আলতাফ হোসেন, পালিতে ড. সুদীপ্তা বড়ুয়া, সংস্কৃতে ড. লিটন মিত্র, সংগীতে জান্নাছুল ফেরদৌস এবং বাংলাদেশ স্টাডিজে প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন।
প্রথম সভাপতিদের নামও ইতিহাসের অংশ। বাংলায় আবুল কালাম মঞ্জুর মোরশেদ, ইংরেজিতে মোহাম্মদ আলী, ইতিহাসে আবদুল করিম, দর্শনে এম. মিজানুর রহমান, ইসলামের ইতিহাসে মুঈনুদ্দীন আহমদ খান এবং আরবিতে এম. এ. গফুর।
এই অনুষদের বড় একটি পরিচয় মুক্তিযুদ্ধ ও ইতিহাস নিয়ে গবেষণা। আলমগীর মুহাম্মদ সিরাজুদ্দীন সারা জীবন লিখেছেন মুক্তিযুদ্ধ, ইতিহাস আর চট্টগ্রাম নিয়ে। তাঁর হাত ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসচর্চা নতুন দিশা পেয়েছে।
আবদুল করিম লিখেছেন বাংলার ইতিহাস। তাঁর কাজ বাদ দিয়ে বাংলার মধ্যযুগের ইতিহাস ভাবাই কঠিন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই গড়ে তোলা ইতিহাসবিদ প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী কলা অনুষদের ডিন ও উপ-উপাচার্য (প্রশাসন) ছিলেন। তাঁর গবেষণার বিষয় ১৯২৫ থেকে ১৯৪০ সাল, অবিভক্ত বাংলার সবচেয়ে টালমাটাল ১৫ বছর। সে সময় বাংলার মুসলিম সমাজ কেমন ছিল? শিক্ষা, চাকরি, জমি, ধর্ম আর সংস্কৃতিতে কী বদল আসছিল? কংগ্রেস ও মুসলিম লীগের টানাপোড়েন, কৃষক-জমিদার দ্বন্দ্ব আর হিন্দু-মুসলিম সম্পর্কের জটিলতার মধ্যে একটি জনগোষ্ঠী কীভাবে জেগে উঠছিল? সেই জেগে ওঠার গল্পই তিনি লিখেছেন, আবেগ দিয়ে নয়, দলিল আর প্রমাণ দিয়ে। তাঁর এই গবেষণাগ্রন্থ কলা অনুষদের সবচেয়ে গর্বের কাজগুলোর একটি।
আর বাংলাদেশ স্টাডিজ বিভাগের কাজই হলো বাংলাদেশকে বোঝা। বিভাগটির জন্ম ২০১৭ সালে, কিন্তু এর শিকড় ১৯৬৬ সালে।
শাটল ট্রেনের হুইসেল শুনে যে ছেলেটি ক্লাসের দিকে দৌড়ায়, সে হয়তো জানে না তার ক্লাসরুমের দেয়ালে কাদের ছায়া লেগে আছে। জানে না, এই অনুষদ থেকে কতজন একুশে পদক পেয়েছেন, কতজন উপাচার্য কিংবা জাতীয় অধ্যাপক হয়েছেন।
কিন্তু যখন সে বাংলা, ইতিহাস কিংবা দর্শন পড়ে, তখন আসলে সেই ছায়ার ভেতর দিয়েই হাঁটে।
৬০ বছর আগে ২০০ শিক্ষার্থী নিয়ে যে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু, আজ সেখানে পড়ছেন ২৬ হাজারের বেশি শিক্ষার্থী। বড় হয়েছে সবকিছুই। কিন্তু যেখান থেকে বেড়ে ওঠার শুরু, সেই কলা ও মানববিদ্যা অনুষদ আজও দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো: স্থির, ধীর, গভীর।
এই অনুষদ বেঁচে আছে বলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার ঐতিহ্যের গৌরব নিয়ে বেঁচে আছে। কারণ বিশ্ববিদ্যালয় মানে শুধু ভবন, ল্যাব কিংবা সনদ নয়। বিশ্ববিদ্যালয় মানে মানুষকে মানুষ করে তোলা। আর ছয় দশক ধরে সেই কাজটি সবচেয়ে নীরবে, সবচেয়ে গভীরভাবে করে চলেছে কলা ও মানববিদ্যা অনুষদ।
লেখক: সাবেক সহসভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।





আপনার মতামত লিখুন