‘তোর ছেলেকে বিক্রি করে দিয়েছি’, আতঙ্কে দুই পরিবার
বাঁশখালীতে চেয়ারম্যানের খামারে কাজে গিয়ে চার দিন নিখোঁজ দুই কিশোর

‘সকাল ১০টার মধ্যে টাকা না পাঠালে তোর ছেলেকে মেরে ফেলব।’
ফোনের এপাশে তখন এক অসহায় বাবা। সন্তানের প্রাণ ভিক্ষা চেয়ে অনুনয় করেছিলেন, ‘আমরা গরিব মানুষ। এত টাকা জোগাড় করতে একটু সময় দিন।’
সময় পেরোল। আবার ফোন এল। এবার আরও নির্মম বার্তা: ‘সঠিক সময়ে টাকা দিস নাই, তোর ছেলেকে বিক্রি করে দিয়েছি।’
এমন হুমকি আর আতঙ্কে দিন কাটছে চট্টগ্রামের বাঁশখালীর দুটি পরিবারের। চার দিন ধরে খোঁজ নেই তাদের দুই কিশোর সন্তানের।
তবে পুলিশ বলছে, যারা মুক্তিপণ চেয়ে ফোন করছে, তারা আসলে প্রতারকচক্রের সদস্য। ফেসবুকে নিখোঁজের খবর দেখে টাকা হাতানোর চেষ্টা করছে তারা।
তাহলে দুই কিশোর এখন কোথায়? এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি।
নিখোঁজ দুজন হলো মো. আনিসুর রহমান (১৩) ও মোহাম্মদ আবু রায়হান (১৩)। দুজনই পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
আনিসুর ছনুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তোতকখালী এলাকার আবদুর রহিমের ছেলে। একই এলাকার আবদুর রশিদের ছেলে আবু রায়হান।
চাকরির প্রলোভনে ঘর ছাড়া
পরিবার জানায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে একই এলাকার মোস্তাক আহমদের ছেলে মোহাম্মদ রিয়াদের সঙ্গে বাড়ি থেকে বের হয় দুই বন্ধু। তারপর থেকে আর ঘরে ফেরেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, চাকরি জুটিয়ে দেওয়ার কথা বলে রিয়াদ তাদের নিয়ে যায়। শুক্রবারই পুকুরিয়ার চন্দ্রপুর গ্রামের ঝিনুক পোল্ট্রি ফার্মে কর্মচারী হিসেবে কাজে যোগ দেয় তারা।
খামারটির মালিক পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিন।
স্বজনদের দাবি, শুক্র ও শনিবার পুকুরিয়ার চাঁদপুর বাজার এলাকায় দুজনকে ঘোরাফেরা করতে দেখেছেন আত্মীয়রা। রোববার তারা সেখান থেকে চলে যায়।
পরিবারের অভিযোগ, ফার্ম থেকে আরও ভালো চাকরির প্রলোভন দেখিয়ে একটি চক্র তাদের নিয়ে গেছে। এরপর থেকে দুজনের আর কোনো খোঁজ নেই।
যার সঙ্গে ঘর ছেড়েছিল, সেই রিয়াদ বলছে, দুই বন্ধু কোথায় গেছে তা সে জানে না।
দুই নম্বর থেকে দুই লাখ টাকার দাবি
আবু রায়হানের বাবা আবদুর রশিদ জানান, দুটি নম্বর থেকে ফোন করে ছেলেকে ফেরত দেওয়ার শর্তে দুই লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা পাঠাতে বলা হয় বিকাশে। সময় বেঁধে দেওয়া হয় সোমবার সকাল ১০টা।
‘আমি তাদের বলেছি, আমরা গরিব মানুষ। এত টাকা জোগাড় করতে একটু সময় লাগবে,’ বলেন তিনি। ‘কিন্তু নির্ধারিত সময়ের পর ফোন করে তারা বলে, তোর ছেলেকে বিক্রি করে দিয়েছি।’
ফোনদাতারা নিজেদের কক্সবাজার থেকে ফোন করছে বলে জানিয়েছিল।
ছেলেদের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আসহাব উদ্দিন বলেন, ‘আমার ফার্মে আরও অনেক কর্মচারী আছে। তাদের কাছ থেকে খোঁজ নিন। ফার্মের ম্যানেজার এ বিষয়ে ভালো জানবে।’
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হকের ভাষ্য অবশ্য ভিন্ন।
‘ছনুয়া থেকে তাদের অপহরণ করা হয়নি,’ বলেন তিনি। ‘তারা পুকুরিয়ার চেয়ারম্যানের ফার্মে কাজ করতে গিয়েছিল। সেখানে দুই দিন কাজও করেছে। পরে বাড়ি যাওয়ার কথা বলে চলে যায়। এরপর আর ফেরেনি।’
মুক্তিপণের ফোন নিয়ে ওসির ব্যাখ্যা, ফেসবুকে নিখোঁজের খবর দেখে একটি প্রতারকচক্র টাকা দাবি করছে। নম্বরগুলো যাচাই করে দেখা গেছে, সেগুলো রংপুর ও ময়মনসিংহের ব্যক্তিদের।
দুই কিশোরকে উদ্ধারে চেষ্টা চলছে বলে জানান তিনি।
এর মধ্যে রিয়াদকে নিয়ে থানায় গিয়েছিলেন দুই পরিবারের সদস্যরা। পুলিশ রিয়াদকে দুই শিক্ষার্থীর সন্ধানে সহযোগিতা করতে বলেছে।
সোমবার সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যে ছেলেটির সঙ্গে ঘর ছেড়েছিল দুই কিশোর, তাকে সঙ্গে নিয়েই এখানে-ওখানে সন্তানদের খুঁজে ফিরছিলেন পরিবারের সদস্যরা।





আপনার মতামত লিখুন