‘কাফনের কাপড় রেডি রাখিস…’, হোয়াটসঅ্যাপে ওসিকে প্রাণনাশের হুমকি
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি; ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার না করতে সতর্কবার্তা

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে অপরিচিত একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশ ও পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে ওসির ব্যবহৃত সরকারি মুঠোফোন নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
বার্তাগুলোতে ইংরেজি ও বাংলায় নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়। ইংরেজিতে পাঠানো বার্তাগুলোতে ‘কেমন আছ’, ‘আমরা তোমার পরিবার নিয়ে চিন্তিত’ এবং ‘তুমি যা করেছ, তা চালিয়ে গেলে খুব শিগগির আমরা ব্যবস্থা নেব’—এমন কথা লেখা ছিল।
এ ছাড়া বাংলায় পাঠানো বার্তায় বলা হয়, ‘পরিবার শেষ করে দেব। বংশ শেষ করে দেব’, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’
অন্য একটি বার্তায় তাঁকে উদ্দেশ করে লেখা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই।’
সর্বশেষ হুমকিতে বলা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’
এসব হুমকির ঘটনায় ওসি মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় একটি জিডি করেন।
জানতে চাইলে ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, জোরারগঞ্জ থানা-পুলিশের নিয়মিত অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক কারবারে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অনেক সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।
এসব অভিযানের কারণেই এমন হুমকি দেওয়া হতে পারে বলে ধারণা করছেন তিনি।
ওসি আরও জানান, হুমকি দেওয়া নম্বরটির পরিচয় শনাক্ত করা এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ছয় পুলিশ সদস্য আহত





আপনার মতামত লিখুন