খুঁজুন
, ,
রবিবার, ২২শে নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

গৃহহীন চার পরিবার পেল ঘর; শিক্ষাবৃত্তি, সাইকেল ও সেলাই মেশিন পেল শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নিজস্ব তহবিল থেকে সহায়তা বিতরণ; ‘শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করার’ অঙ্গীকার প্রতিমন্ত্রীর

গৃহহীন চার পরিবার পেল ঘর; শিক্ষাবৃত্তি, সাইকেল ও সেলাই মেশিন পেল শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
হাটহাজারী · ২০ নভেম্বর ২০২৬, ১৮:০৭

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দুর্গম মনাই ও সোনাই ত্রিপুরা পল্লীর চারটি গৃহহীন পরিবারকে ঘর এবং ৮০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। পাশাপাশি বিতরণ করা হয়েছে বাইসাইকেল ও সেলাই মেশিন।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের মনাই ত্রিপুরা পল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ অনুদানের অর্থে মনাই ও সোনাই ত্রিপুরা পল্লী বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীকে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ১২টি বাইসাইকেল ও ৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

এর আগে গৃহহীন চারটি পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন প্রতিমন্ত্রী। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ অনুদান থেকে তিনটি এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সার্বিক নিরাপত্তা কামনায় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নিজস্ব তহবিল থেকে একটি ঘর দেওয়া হয়েছে। ঘর পাওয়া চার পরিবার হলো ধন কুমার, দুর্গা চান, সমরায় ত্রিপুরা ও সমলা ত্রিপুরার পরিবার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সারা দেশের সব সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং তাঁদের একটি সুন্দর জীবন উপহার দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের সবাই কাজ করে যাচ্ছেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন দপ্তরের প্রধানেরাও মানুষের কাজে লাগতে সার্বক্ষণিক চেষ্টা করছেন।

নিজের উপস্থিতির কারণ তুলে ধরে স্থানীয় এই সংসদ সদস্য বলেন, ‘এখানে কী সুবিধা-অসুবিধা আছে, তা নিজের চোখে দেখার জন্য আমি এসেছি। আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি; আপনাদেরও হক আছে সামনে থেকে একবার আমাকে দেখার। আমি আপনাদের সেবক হিসেবে সব সময় চেষ্টা করে যাব, যেন হাটহাজারীর আনাচে-কানাচে উন্নয়নের ছোঁয়া আনতে পারি এবং মানুষের জীবন আরও সহজ করতে পারি।’

তিনি আরও বলেন, ‘রাজনীতি থেকে আমার ব্যক্তিগত খুব একটা চাওয়া-পাওয়া নেই। মানুষের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, তাতে রাজনৈতিক জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে গেলেও এ ঋণ শোধ করতে পারব না। আমি কায়মনোবাক্যে সমাজ, হাটহাজারীবাসী তথা বাংলাদেশের মানুষের কল্যাণে জীবদ্দশায় কিছু করে যেতে চাই।’

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী হাটহাজারী পৌরসভার দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনে যোগ দেন।

আরও পড়ুন: ‘কাফনের কাপড় রেডি রাখিস…’, হোয়াটসঅ্যাপে ওসিকে প্রাণনাশের হুমকি

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও