পটিয়ায় গোয়ালঘরের তালা ভেঙে গাভী চুরি, দিশেহারা পরিবার

“দুই বছর ধরে লাল রঙের একটি গরু লালনপালন করে আসছিলাম। গোয়ালঘরের তালা ভেঙে গরুটি চুরি করে নিয়ে গেছে। আমার গরু ফেরত চাই।”
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন বিবি মরিয়ম। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কালিয়াইশ এলাকার আবদুল নবীর স্ত্রী।
পরিবারের অভিযোগ, বুধবার (১৮ নভেম্বর) তাঁদের গোয়ালঘরের তালা ভেঙে গরুটি চুরি হয়ে গেছে।
সেই রাতে আবদুল নবী জেগে ছিলেন রাত ২টা পর্যন্ত। তারপর ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে গোয়ালঘরে গিয়ে দেখেন, তালা ভাঙা। ভেতরে গরুটি নেই।
তাঁর ধারণা, রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো এক সময় চোরেরা গরুটি নিয়ে গেছে।
গাভীটি অবশ্য আবদুল নবীর নিজের নয়। এক বন্ধু সেটি লালনপালনের জন্য তাঁর হাতে দিয়েছিলেন। গত দুই বছর ধরে পরিবারটি সেটির দেখাশোনা করে আসছিল।
আবদুল নবী জানান, লাল রঙের গাভীটির এখনকার বাজারমূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা।
ঘটনাটি জানিয়ে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হকের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
স্থানীয় বাসিন্দা জহির বলেন, অনেক কষ্ট করে গরুটি লালনপালন করা হয়েছিল। এভাবে চুরি হয়ে যাওয়া খুবই কষ্টের।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎস যশ চাকমা জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে।
তবে এমন চুরিতে আতঙ্ক ছড়িয়েছে এলাকার খেটে খাওয়া পরিবারগুলোর মধ্যে। স্থানীয় কৃষক আবদুল গফুর প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চেয়েছেন। তাঁর কথায়, “আমরা গরিব মানুষ। গরু-ছাগল লালনপালন করে সংসার চালাই। এভাবে চুরি হলে আমরা বাঁচব কীভাবে?”
আরও পড়ুন: গৃহহীন চার পরিবার পেল ঘর; শিক্ষাবৃত্তি, সাইকেল ও সেলাই মেশিন পেল শিক্ষার্থীরা





আপনার মতামত লিখুন