খুঁজুন
, ,
রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬
সারাদেশ

কক্সবাজারে তিন প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা, ধর্মঘটের হুমকি

কক্সবাজারে তিন প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা, ধর্মঘটের হুমকি
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার · ১৫ নভেম্বর ২০২৬, ০০:৩৫

কক্সবাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তিন প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শনিবার সন্ধ্যায় কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গিয়াস উদ্দিনের নেতৃত্বে বিশুদ্ধ খাদ্য আদালতের সামারি ট্রায়ালের আওতায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ঝাউতলার জামান হোটেল ও স্বপ্ন সুপার শপকে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়।

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির দায়ে চৌরঙ্গী বেকারিকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এই অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুভ্রত ভট্টাচার্যসহ এসআরবি, পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও খাদ্য নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

এদিকে অভিযানের পরপরই শনিবার রাতে প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় ব্যবসায়ীরা।

তাঁদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব নোটিশ কিংবা পর্যাপ্ত সতর্কতা ছাড়াই প্রতিষ্ঠানগুলোতে এই অভিযান চালানো হয়েছে।

অপরাধের ধরন ও মাত্রা বিবেচনা না করে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে বলেও দাবি তাঁদের।

ব্যবসায়ীরা জানান, পর্যটন মৌসুমে এ ধরনের অভিযান ও বড় অঙ্কের জরিমানা তাঁদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

এর নেতিবাচক প্রভাব পর্যটনসেবা ও স্থানীয় অর্থনীতিতে পড়তে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।

তবে নিরাপদ খাদ্য নিশ্চিত করার সরকারি উদ্যোগের বিরোধিতা করছেন না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তাঁদের দাবি, অভিযানের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ এবং অপরাধের মাত্রা অনুযায়ী জরিমানা নির্ধারণ করতে হবে।

প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে তাঁরা জানান, দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে কক্সবাজার শহরের সব দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, শনিবার কক্সবাজার সফরে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর পাশাপাশি কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ব্যবসায়ীদের হয়রানি বন্ধ, অযৌক্তিক জরিমানা আদায়ের অভিযোগ তদন্ত এবং ভবিষ্যতে যথাযথ প্রক্রিয়ায় অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তাঁরা।

নিরাপদ খাদ্য নিশ্চিত করার সরকারি উদ্যোগ ও ব্যবসায়ীদের স্বার্থের মধ্যে সমন্বয় করে এই পরিস্থিতির সমাধান চান সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সারাদেশ থেকে আরও