ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষ কেন একে অপরের মুখোমুখি

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। শনিবার রাতে হেঁয়াকো বাজারে এই ঘটনার পর রোববার দুপুর পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
উত্তর চট্টগ্রামের অন্যতম বড় বাণিজ্যিক কেন্দ্র হেঁয়াকো বাজারে সাধারণত দিনরাত বেচাকেনা চলে। কিন্তু রোববার বাজারজুড়ে ছিল সুনসান নীরবতা।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলছেন, এই সংঘর্ষ হঠাৎ ঘটেনি। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে।
তাঁদের অভিযোগ, এই বিরোধের মূলে রয়েছে এলাকার চাঁদাবাজি ও দখলের নিয়ন্ত্রণ।
শনিবার রাতে কী ঘটেছিল
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হেঁয়াকো সরকারপাড়ার ‘ভোজন রসিক’ নামের একটি রেস্তোরাঁয় যান বিএনপি নেতা নাসির উদ্দিন বিপ্লব।
তাঁদের ভাষ্য অনুযায়ী, খবর পেয়ে সেখানে যান প্রতিপক্ষ গ্রুপের কর্মী ঘোষণা কবির। তিনি বিপ্লবকে লক্ষ্য করে ছুরি চালালে বিপ্লবের হাতে সামান্য আঘাত লাগে।
এরপর দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, একপর্যায়ে বিপ্লব ছুরিটি কেড়ে নিয়ে কবিরকে আঘাত করেন। এতে কবিরের পেটে গুরুতর জখম হয়।
ঘটনা জানাজানি হলে কবিরের পক্ষের কর্মীরা কাছেই বিপ্লবের ভাগনে ব্যবসায়ী রনিকে ছুরিকাঘাত করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহত তিনজনকে পরে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
এরপর দুই পক্ষের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে বারৈয়াহাট-হেঁয়াকো-রামগড় আঞ্চলিক মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে ভুজপুর থানা ও দাঁতমারা পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দুই পক্ষে কারা
স্থানীয় রাজনীতিসংশ্লিষ্টরা বলছেন, হেঁয়াকো এলাকায় বিএনপির দুটি পক্ষ সক্রিয়।
একটি পক্ষের নেতৃত্বে আছেন নাসির উদ্দিন বিপ্লব। স্থানীয়দের অনেকে তাঁকে একসময়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে চেনেন। একাধিক মামলায় তিনি জামিনে আছেন। এলাকায় তিনি স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীরের অনুসারী হিসেবে পরিচিত।
অন্য পক্ষের নেতৃত্বে আছেন ভুজপুর থানা যুবদলের সাবেক আহ্বায়ক নুরুল আমিন আজাদ। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের অনুসারী হিসেবে পরিচিত। ঘোষণা কবির এই পক্ষের কর্মী।
বিরোধের মূলে কী
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় বালু, মাটি, গাছ, বাঁশ, চোরাই রাবার ও পরিবহন খাত থেকে নিয়মিত চাঁদা তোলা হয়। চোরাই গরু, ইয়াবা ও সিগারেট পাচারে জড়িতদের কাছ থেকেও ভাগ নেওয়ার অভিযোগ রয়েছে।
তাঁরা বলছেন, হেঁয়াকো ট্রাকচালক সমিতি ও মালিক সমিতি নামের দুটি সংগঠন বারৈয়াহাট-হেঁয়াকো-রামগড় মহাসড়কে চলাচলকারী যানবাহন থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছে।
স্থানীয়দের ভাষ্য, যে দলই ক্ষমতায় আসুক, এই ব্যবস্থা টিকে থাকে। শুধু নিয়ন্ত্রণের হাত বদলায়।
কিন্তু আগস্টের পর পরিস্থিতি ভিন্ন হয়েছে। বিএনপির দুই পক্ষই সক্রিয় হওয়ায় একপক্ষ চাঁদা তুলতে গেলে অন্যপক্ষ বাধা দিচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন।
স্থানীয়দের অভিযোগ, গত ৬ নভেম্বর নয়দোলং গ্রামে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের জনসভা শেষে প্রতিপক্ষ গ্রুপের দুই কর্মীকে একটি কক্ষে আটকে মারধর করা হয়। তাঁরা মনে করছেন, শনিবার রাতের সংঘর্ষ সেই ঘটনারই জের।
কে কী বলছেন
নুরুল আমিন আজাদ বলেন, ‘কিছু সন্ত্রাসী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি অশান্ত করতে চাইছে। তারা দলের কেউ নয়।’
তিনি বলেন, ‘সন্ত্রাসীদের কারণে বিভিন্ন জায়গায় আমাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। বিএনপিতে কোনো সন্ত্রাসীর জায়গা হতে পারে না। এতে দলেরই ক্ষতি বেশি।’
নাসির উদ্দিন বিপ্লবের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।
তাঁর কর্মী-সমর্থকেরা অবশ্য বলছেন, বিপ্লব দীর্ঘদিন হামলা, মামলা ও হয়রানির শিকার হয়েছেন। তাঁদের দাবি, তিনি যা করেছেন, দলের স্বার্থেই করেছেন।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, রাত সোয়া ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
‘প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জেনেছি, দুটি রাজনৈতিক পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এখন পরিস্থিতি শান্ত,’ বলেন তিনি।
ওসি জানান, ঘটনায় এখনো কেউ অভিযোগ বা মামলা করেননি। এলাকায় পুলিশের টহল অব্যাহত আছে।
তবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, যে বিরোধ থেকে এই সংঘর্ষ, তার মীমাংসা না হলে বাজারে স্বস্তি ফেরা কঠিন।





আপনার মতামত লিখুন