দাড়ি-টুপি দেখলে যারা জঙ্গি বলত, সেই অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

দাড়ি ও টুপি দেখলেই যারা মানুষকে জঙ্গি আখ্যা দিত এবং শাপলা চত্বরে রক্ত ঝরিয়েছিল, সেই অপশক্তি এ দেশে টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। শুক্রবার দুপুরে চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ৮৭তম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দাঁড়ি-টুপি দেখলে সাধারণ আলেম ও মানুষকে জঙ্গি ট্যাগ দেওয়া হতো। কিন্তু জুলুম চালিয়ে কোনো শক্তি বেশি দিন টিকে থাকতে পারে না। আলেম-ওলামা ও ছাত্র-জনতার বুকে যারা গুলি চালিয়েছিল, এ দেশের মানুষ তাদের কখনোই আর মেনে নেবে না। অতীতে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকেরা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিলেন, তেমনি দেশের যেকোনো সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের স্মৃতিচারণা করে অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক বলেন, গত ৪ আগস্ট পটিয়ায় মাদ্রাসার শিক্ষার্থীরা রাজপথে নেমে না এলে আন্দোলনের চিত্র ভিন্ন হতে পারত। ছাত্ররা মাঠে নামার পরই স্বৈরাচারের পতন নিশ্চিত হয়েছিল। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে পটিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ত্যাগ ও অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে।
মাদ্রাসার মুহতামিম ও মহাপরিচালক মুফতি একরাম হোসাইন ওদুদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। এ ছাড়া ভারতসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষস্থানীয় আলেম ও ইসলামি গবেষকেরা দুই দিনব্যাপী সম্মেলনে কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন।
দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। শুক্রবার আসরের নামাজের পর মুফতি একরাম হোসাইন ওদুদীর পরিচালনায় আখেরি মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং শান্তি কামনা করা হয়।
আরও পড়ুন: মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৫





আপনার মতামত লিখুন